২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন রাশিয়ার সহযোগী হলে বিশ্বযুদ্ধ বাধবে: জেলেনস্কি

চীন ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে বলে গত শনিবারেই সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

রয়টার্স

Published : 20 Feb 2023, 10:30 PM

Updated : 20 Feb 2023, 10:29 PM

ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার বিরুদ্ধে চীনকে সতর্ক করে দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন রাশিয়ার সঙ্গে হাত মেলালে তা বিশ্বযুদ্ধ ডেকে আনবে।

চীন ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে বলে গত শনিবারেই সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

সিবিএস নিউজ-কে তিনি বলেছেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। আর নতুন তথ্যে জানা যাচ্ছে, বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।

রাশিয়াকে অস্ত্র–গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলেও হুঁশিয়ার করেন ব্লিনকেন।

ওদিকে, চীন বলেছে, তাদেরকে কোনও শর্ত দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। চীনের এমন মন্তব্যের পরই জেলেনস্কি দেশটিকে সতর্ক করে বার্তা দিলেন।

জার্মানির ‘ডি ভেল্ট’ দৈনিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “এই যুদ্ধে রাশিয়াকে চীনের সমর্থন না দেওয়াটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে আমি চীনকে আমাদের পাশে চাই। কিন্তু এই মুহূর্তে সেটি সম্ভব বলে আমি মনে করি না।

“কিন্তু এখানে কী ঘটছে তার একটি বাস্তবসম্মত মূল্যায়ন করার সুযোগ চীনের আছে বলে আমি দেখতে পাচ্ছি। কারণ, চীন যদি রাশিয়ার সঙ্গে মিলে যায় তাহলে বিশ্বযুদ্ধ বেধে যাবে। আর আমি মনে করি চীন সে সম্পর্কে সচেতন আছে।”

সাক্ষাৎকারে জেলেনস্কি মলদোভারও প্রসঙ্গ টেনে বলেন, রাশিয়া সেদেশে অভ্যুত্থানের চক্রান্ত করছে- এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য তিনি মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুকে দিয়েছেন।

জেলেনস্কি জানান, সান্দু তার কাছে কোনও সাহায্য চাননি। তবে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। “তিনি (সান্দু) আমাদের পরিস্থিতি ভালোভাবে জানেন। “ইউক্রেইন সবসময়ই মলদোভাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে”, বলেন জেলেনস্কি।