২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটের সময় এগোল

প্রাথমিকভাবে ভোটাভুটির তারিখ শুক্রবার ঠিক করা হলেও এখন তা বৃহস্পতিবার হবে বলেই জানিয়েছেন কূটনীতিকরা।

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটের সময় এগোল

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 09:53 PM

Updated : 18 Apr 2024, 11:39 PM

জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রাথমিকভাবে ভোটাভুটির তারিখ শুক্রবার ধার্য করলেও এখন তা আগের দিন বৃহস্পতিবার বিকাল ৫টায় হবে বলেই জানিয়েছেন কূটনীতিকরা।

ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এ পদক্ষেপে বাধ সাধতে পারে। কারণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিন রাষ্ট্রই স্বীকৃতি পাবে।

নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকার করে নেওয়া সংক্রান্ত খসড়া প্রস্তাব পাস হতে এর পক্ষে অন্তত ৯ টি ভোট প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া কিংবা চীনের কোনো ভিটোও পড়া যাবে না।

কূটনীতিকরা বলছেন, ফিলিস্তিনকে পূর্ণ জাতিসংঘ সদস্য করার পক্ষ সমর্থন করতে পারে নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য। ফলে প্রস্তাবটি আটকানোর জন্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভিটো দিতে পারে।

যুক্তরাষ্ট্র মনে করে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মধ্য দিয়ে; জাতিসংঘের মাধ্যমে নয়।

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘ সদস্য না হলেও ২০১২ সালে তারা জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ফিলিস্তিন বছরের পর বছর চেষ্টা চালিয়ে আসছে।

তবে তাদের এই আর্জি প্রথমে নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে এবং তারপর জাতিসংঘ সাধারণ পরিষদে এর পক্ষে অন্তত দুই-তৃতীয়াংশ সমর্থন লাগবে।

২০১১ সালে পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করেছিল ফিলিস্তিন। এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিন এ মাসের শুরুতে আবারও সদস্যপদের জন্য আবেদন করে।

জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারবে ফিলিস্তিন?

রোমান ক্যাথলিক চার্চের সরকার 'হলি সি' এর মতো ফিলিস্তিনও জাতিসংঘের একটি অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র।

২০১২ সালের ২৯ নভেম্বর ১৩৯-জাতির জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবনা পাসের মধ্য দিয়ে ফিলিস্তিন জাতিসংঘের ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রে’র মর্যাদা লাভ করে। মোট ১৩৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোট দানে বিরত ছিল ৪১টি দেশ।

অসদস্য পর্যবেক্ষকের স্বীকৃতি পাওয়ায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা একধাপ অগ্রগতি পেয়েছিল। দাবি আদায়ের জন্য বহির্বিশ্বে ফিলিস্তিন প্রভাব খাটানোর সুযোগ পায়।

এর আগে ফিলিস্তিন কেবল জাতিসংঘের ‘অ-সদস্য পর্যবেক্ষক সত্তা’র মর্যাদা ভোগ করত। ২০১২ সালের ওই ভোটেই প্রথম ‘সত্তা’ শব্দটি বাদ দিয়ে ‘রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করা হয়; যা ছিল ভবিষ্যতে ফিলিস্তিনকে একটি ‘স্বাধীন জাতিরাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি।

নতুন সদস্যরাষ্ট্রকে জাতিসংঘ কীভাবে স্বীকৃতি দেয়?

জাতিসংঘের সদস্য হতে চাইলে কোনও দেশ সাধারণত বিশ্ব সংস্থাটির মহাসচিবের কাছে আবেদন করে। মহাসচিব তখন সেই আবেদন নিরাপত্তা পরিষদে পাঠান সেটি মূল্যায়ন করা এবং ভোট অনুষ্ঠানের জন্য।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সেই ২০১১ সালে পূর্ণসদস্যপদের জন্য করা আবেদনটি নতুন করে বিবেচনা করার অনুরোধ জানিয়ে গত ৩ এপ্রিল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি পাঠান।

আবেদন হাতে আসার পর ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কমিটি প্রথমেই সেটি মূল্যায়ন করে দেখে যে, এতে জাতিসংঘ সদস্য হওয়ার শর্ত পূরণ হয়েছে কিনা। তারপর সেই আবেদনটি হয় তুলে রাখা হয়, নয়ত নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির জন্য উপস্থাপন করা হয়।

ভোটে সেটি পাস হতে এর পক্ষে অন্তত ৯ টি ভোট প্রয়োজন পড়ে। তাছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া কিংবা চীনের কোনও ভিটোও এতে পড়া যাবে না।

সদস্যপদের আবেদন নিরাপত্তা পরিষদ অনুমোদন করলে সেটি তখন জাতিসংঘ সাধারণ পরিষদের যাবে অনুমোদনের জন্য। সেখানে আবেদনটি অনুমোদন পেতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাগবে।

নিরাপত্তা পরিষদ এবং সাধরণ পরিষদের অনুমোদন ছাড়া কোনও দেশ জাতিসংঘের সদস্য হিসাবে যোগ দিতে পারে না।

ফিলিস্তিন জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হওয়ার কারণে সংস্থাটির সহযোগী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যোগদানের সুযোগ পায়। কিন্তু জাতিসংঘের পূর্ণ সদস্য না হওয়া পর্যন্ত ফিলিস্তিন কোনও ভোটাধিকার পাবে না।

২০১১ সালে ফিলিস্তিনের সদস্যপদের আবেদনের কী হয়েছিল?

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কমিটি কয়েকসপ্তাহ ধরে আবেদনটি মূল্যায়ন করে দেখেছিল যে, এতে জাতিসংঘ সদস্য হওয়ার প্রয়োজনীয় সব শর্ত পূরণ হয়েছে কিনা।

কিন্তু কমিটি এই আবেদনের বিষয়ে সর্বসম্মতভাবে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। ফলে ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক ভোটাভুটিও নিরাপত্তা পরিষদে কখনও হয়নি।

কূটনীতিকরা বলছেন, প্রস্তাবনা পাস হতে নূন্যতম যে ৯ ভোটের প্রয়োজন সেটি ফিলিস্তিনের ছিল না। এমনকী তারা যদি যথেষ্ট সমর্থন পেয়েও যেত তাতেও লাভ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্র বলে আসছিল তারা এমন পদক্ষেপে ভিটো দেবে।