২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিগত উত্তেজনা নিয়ে সতর্ক করল মালয়েশিয়ার পুলিশ

সাধারণ নির্বাচনের ফলাফলে জনগণের মধ্যে বিভক্তি স্পষ্ট হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এ সতর্কবার্তা জানিয়েছে পুলিশ।

জাতিগত উত্তেজনা নিয়ে সতর্ক করল মালয়েশিয়ার পুলিশ

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের দিন পাহাং রাজ্যের এক ভোট কেন্দ্রে টেবিলের ওপর রাখা একটি ব্যালট বাক্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2022, 03:50 PM

Updated : 22 Nov 2022, 03:50 PM

মালয়েশিয়ার পুলিশ দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরকে সাবধান করে কোনো ধর্ম বা সম্প্রদায় নিয়ে ‘উসকানিমূলক’ কোনো পোস্ট করা থেকে বিরত থাকতে বলেছে।

শনিবারের সাধারণ নির্বাচনের ফলাফলে জনগণের মধ্যে বিভক্তি স্পষ্ট হওয়ার পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে; তার মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় সেজন্য এ সতর্কবার্তা জানাল পুলিশ।

সরকার গঠনের চেষ্টায় মালয়েশিয়ার দুটি বড় জোটকে এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমর্থন লাভের জন্য দৌড়াতে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর মধ্যে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোটটি একাধিক জাতি ও সংস্কৃতিকে ধারণকারী প্রগতিশীল জোট হিসেবে পরিচিত। অন্যটি সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন রক্ষণশীল মালয় মুসলিমদের জোট।

মালয়েশিয়াভিত্তিক সেন্টার ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম পরিচালিত অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য পর্যবেক্ষণকারী একটি প্রকল্পের তথ্য অনুযায়ী, নির্বাচনের সময় এবং তার পর থেকে দেশটির সোশাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর রাজনৈতিক আলোচনায় জাতিভিত্তিক বিভিন্ন অ্যাখ্যান বেশি প্রাধান্য পাচ্ছে।

শনিবারের নির্‌বাচনে শরিয়া আইন প্রবর্তনের পক্ষে থাকা একটি ইসলামিক দলের উত্থানে দেশটির বিভিন্ন নীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে অনেক বিনিয়োগকারীর মধ্যে অস্বস্তি কাজ করছে।

বহু জাতির মালয়েশিয়ায় জাতি এবং ধর্ম সবসময়ই সংবেদনশীল ইস্যু; দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এবং জাতিগতভাবে মালয় হলেও সেখানে ভিন্ন ধর্ম বিশ্বাসী জাতিগত চীনা ও ভারতীয়র সংখ্যাও কম নয়।

পুলিশ বলছে, নির্বাচনের পর তারা জাতিগত ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং রাজতন্ত্রকে অপমান করে দেওয়া সোশাল মিডিয়া কনটেন্ট শনাক্ত করছে।

“জননিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি হতে পারে এমন পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করা (সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” সোমবার এক বিবৃতিতে এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক এক্রিল সানি আবদুল্লাহ সানি।

নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ রাজনৈতিক দলগুলোকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে সরকার গঠনে একত্রিত হয়ে জোট গঠন করার সময় বেঁধে দিয়েছেন।

তবে মুহিউদ্দিন বা আনোয়ার কারও পক্ষেই সহজে অন্য রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার গঠন সম্ভব হবে না বলেই অনেকের ধারণা। কারণ, মুহিউদ্দিনের জোটে পিএএস নামের একটি ইসলামী দল রয়েছে, যারা মালয়েশিয়ায় কঠোর শরিয়া আইন প্রবর্তনের জন্য প্রচার চালিয়ে আসছে।

অন্যদিকে আনোয়ারের জোটে আছে প্রধানত জাতিগতভাবে চীনাদের সমর্থিত দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি, যারা রক্ষণশীল অনেক মালয় ভোটারের চরম অপছন্দের।

মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সোমবার জানান, নির্বাচনের পর থেকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৯৬৯ সালের ১৩ মে কুয়ালা লামপুরে হওয়া প্রাণঘাতী দাঙ্গার উল্লেখ করা অনেক পোস্ট তাদের নজরে পড়েছে।

পাঁচ দশকেরও বেশি সময় আগে হওয়া ওই সংঘর্ষ প্রায় ২০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ওই বছরের ১০ মে’র সাধারণ নির্বাচনে জাতিগতভাবে চীনা সম্প্রদায় সমর্থিত রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হওয়ার পর ভয়াবহ ওই দাঙ্গা দেখা যায়।

আরও খবর:

পুরনো খবর:

মালয়েশিয়ায় প্রথমবারের মত ঝুলন্ত পার্লামেন্ট