৯২ ইউক্রেইনীয় সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রাশিয়ার
অভিযুক্ত ৯২ জন ছাড়াও ইউক্রেইনীয় বাহিনীর ৫১ কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে খুঁজছে রাশিয়া, বলেছেন রুশ তদন্ত কমিটি প্রধান।
ইউক্রেইনের সামরিক বাহিনীর ৯২ জন সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে রাশিয়া। রুশ তদন্ত কমিটি প্রধান অ্যালেক্সান্দার বাস্ট্রিকিন একথা জানিয়েছেন।
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম রোসিসকায়া গেজেটায় তিনি বলেন, এক হাজার ৩০০’রও বেশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।
রাশিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ ইরান, সিরিয়া ও বলিভিয়ার মতো দেশগুলোর সমর্থনে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব করেছেন ব্যাস্ট্রিকিন।
তিনি বলেন, অভিযুক্ত ৯২ জনের পাশাপাশি ইউক্রেইনীয় বাহিনীর ৫১ কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে খুঁজছে রাশিয়া। এই ইউক্রেইনীয় সেনা সদস্যরা শান্তি ও মানবতা বিরোধী অপরাধ করেছে।
তবে রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি এবং কিইভ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
ইউক্রেইনও নিজেদের মতো করে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে। এমাসে ইউক্রেইন জানিয়েছে, ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে সহিংস অপরাধ এবং যুদ্ধাপরাধের ২১ হাজারের বেশি অভিযোগ খতিয়ে দেখছে তারা।
গত মে মাসে একজন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে রাশিয়ার একজন ট্যাংক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল ইউক্রেইনের আদালত।
ওদিকে, ইউক্রেইন যুদ্ধে কোনও রকম অপরাধ করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালানোর কথাও তারা অস্বীকার করেছে। বরং উল্টো রাশিয়ার নাগরিক হত্যা এবং অবকাঠামোর ওপর হামলা চালানোর জন্য ইউক্রেইনকেই দোষারোপ করে আসছে রাশিয়া।
তবে রাশিয়ার এইসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আন্তর্জাতিক নেতারা।
