২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

লাইভ ‘নিউজ বুলেটিন’ চলাকালে রাষ্ট্রীয় টিভি চ্যানেল হ্যাক করার দায় স্বীকার করেছে ‘আদালত আলি’ বলে পরিচয় দেওয়া একটি হ্যাকার গ্রুপ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 07:58 PM

Updated : 09 Oct 2022, 07:58 PM

ইরানের রাষ্ট্র-পরিচালিত টিভি চ্যানেলে লাইভ ‘নিউজ বুলেটিন’ চলছিল। হঠাৎ করেই টেলিভিশনের পর্দায় একটি মুখোশের ছবি ভেসে ওঠে। তারপরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ছবি দেখা যায়, যেটির নীচে আগুন জ্বলছে। নিচে মাশা আমিনি এবং বিক্ষোভে নিহত আরও তিন নারীর ছবি।

শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সংবাদ উপস্থাপনের সময় এ কাণ্ড ঘটে। পরে নিজেদের ‘আদালত আলি’ বলে পরিচয় দেওয়া একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করেছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

ইরানের রাজধানী তেহরানে গত ১৩ সেপ্টেম্বর দেশটির নীতি পুলিশ হিজাব ঠিকঠাক মত না পরার কারণে মাশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে আটক করে। পুলিশি হেফাজতে নেয়ার পর মাশা অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে তিনদিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান।

কুর্দি অধ্যুষিত একটি শহর থেকে মাশা ভাইয়ের সঙ্গে তেহরান গিয়েছিল। মাশার পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশ তাদের লাঠি দিয়ে মাশার মাথায় কয়েকবার আঘাত করেছে এবং তাদের গাড়ির সঙ্গে মাশার মাথা ঠুকে দিয়েছিল।

ওই আঘাতের কারণেই মাশা অজ্ঞান হয়ে কোমায় চলে যায়। যদিও পুলিশের দাবি, মাশা হৃদরোগে আক্রান্ত হয়ে ‍মারা গেছে।

মাশার জানাজার দিন প্রথমে কুর্দি অধ্যুষিত শহরগুলোতে এবং পরে পুরো ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত চার সপ্তাহ ধরে ইরানে টানা বিক্ষোভ চলছে।

এবারের বিক্ষোভে নারীদের অংশগ্রহণ উল্লেখ করার মত। বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন বিক্ষোভকারীরা।

মাশাসহ আরও অন্তত তিন নারী বিক্ষোভকারী গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয় বলে জানায় বিবিসি।

টিভি স্ক্রিনে মুখোশের পাশপাশি ‘আমাদের সঙ্গে যোগ দিন এবং আওয়াজ তুলুন’ এবং ‘আমাদের তরুণদের রক্ত তোমার থাবা থেকে ঝরছে’ লেখা ক্যাপশন ভেসে ওঠে।

যদিও হ্যাকারা কয়েক সেকেন্ডের জন্য এ বিঘ্ন ঘটাতে পেরেছিল। তারপরই সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং বিব্রত মুখের সংবাদ পাঠককে টেলিভিশনের পর্দায় দেখা যায়।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ খুব একটা দেখা যায় না।