২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই ডে কেয়ার হত্যাযজ্ঞ: ৩ ঘণ্টার বীভৎসতা

যে গ্রামে জন্ম সেখানেই ৩ ঘণ্টার তাণ্ডবলীলা চালিয়ে ৩৬ জনকে খুন করেন পানিয়া, বন্ধুসহ প্রতিবেশীদের ছুরি মারেন, গুলি করেন।

থাই ডে কেয়ার হত্যাযজ্ঞ: ৩ ঘণ্টার বীভৎসতা

এই ডে কেয়ার সেন্টারটিতেই নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা পানিয়া খামরাপ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 05:46 PM

Updated : 12 Oct 2022, 06:50 PM

থাইল্যান্ডে সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞের কারিগর সাবেক পুলিশ সার্জেন্ট পানিয়া কামরাপ ঘুমের মধ্যে ছুরি মেরে ২২ শিশুসহ ৩৬ জনকে খুন করার আগের কয়েকদিনও বাড়ির উঠানে বন্দুক থেকে গুলি ছুড়েছিলেন।

টানা কয়েক রাত পানিয়ার (৩৪) ৯এমএম পিস্তলের গুলির শব্দ ঘুমন্ত থা উথাই গ্রামের রাতের নীরবতায় ব্যাঘাত ঘটিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

ডে কেয়ারে হত্যাযজ্ঞের পাশাপাশি নিজের পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশীর ওপর হামলে পড়ে, আত্মহত্যায় জীবন শেষ করার আগে একসময়কার গ্রামের গর্ব, পরবর্তীতে ক্রুদ্ধ এবং ক্রমাগত তলিয়ে যেতে থাকা আত্মকেন্দ্রিক একজনে পরিণত হওয়া সাবেক ওই পুলিশ কর্মকর্তার সহিংস আচরণের সর্বশেষ নজির ছিল সেটি।

“কীভাবে আমরা তার নামে পুলিশে অভিযোগ দেব? তিনিই তো পুলিশে ছিলেন,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন পানিয়ার বাড়ির কাছে দুই সন্তান নিয়ে থাকা ফুওয়ান পলিয়াম (২৯) । 

যে গ্রামে জন্মেছিলেন সেখানেই তিন ঘণ্টার তাণ্ডবলীলা চালিয়ে ৩৬ জনকে খুন করেন পানিয়া, বাল্যকালের এক বন্ধুসহ প্রতিবেশীদের ছুরি মারেন, গুলি করেন।

তার হাতে মারা যাওয়া ডে কেয়ার সেন্টারের ২২ শিশুর সবার বয়স দুই থেকে পাঁচের মধ্যে। আহত একাধিক শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

নির্মম এই হত্যাযজ্ঞ থাইল্যান্ডকে শোকস্তব্ধ করে দিয়েছে।

কর্তৃপক্ষ প্রথমদিকে এই ঘটনার জন্য মাদককে দায়ী করেছিল। পুলিশ বলেছিল, পানিয়া ইয়াবা নামে পরিচিত মেথামফেটামিন পিল নিতেন। তার কাছে মাদক পাওয়া যাওয়ায় চলতি বছরের জানুয়ারিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, গত সপ্তাহের বৃহস্পতিবার, হত্যাযজ্ঞ চালানোর দিন পানিয়ার শরীরে মাদকের উপস্থিতি ছিল না।

এখন থাইল্যান্ডের উপপুলিশ প্রধান জেনারেল সুরাচাতে হাকপার্ন বলছেন, ‘মেজাজ হারিয়ে’ পানিয়া ওই সহিংস ঘটনা ঘটিয়েছেন; এর সঙ্গে পুলিশ থেকে চাকরিচ্যুতি, আইনি, অর্থনৈতিক ও পারিবারিক সমস্যারও যোগ থাকতে পারে বলে ইঙ্গিত তার।

পানিয়ার সেদিনের গতিবিধি এলোমেলো ছিল। তিনি স্থানে স্থানে একাধিক খুন করেছেন, পুলিশ এখনও সব বিস্তারিত উদঘাটন করতে পারেনি। 

Image

ছবি: রয়টার্স

প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী এক কর্মকর্তার সঙ্গে কথা বলে পানিয়া ওইদিন কখন, কোথায় কী কী করেছে রয়টার্স তা বের করার চেষ্টা করেছে।

প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তার ভাষ্যে তিন ঘণ্টার বীভৎসতার চিত্র আর পুলিশের মন্থর প্রতিক্রিয়ার কথা উঠে এসেছে। ফোন রেকর্ড থেকেও অনেক কিছু নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের প্রতিক্রিয়া যে ধীরগতির ছিল, হামলাস্থলে যেতে কর্মকর্তারা যে দেরি করেছেন তা স্বীকার করে নিয়েছেন পুলিশ কর্মকর্তা সুরাচাতে।

তিনি থাইল্যান্ডের একটি আইনের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে নিবন্ধন করা আগ্নেয়াস্ত্রের অধিকারীদের ওপরও বাড়িতে বা জনসমক্ষে গুলি চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে।

“তাকে যদি আগে গ্রেপ্তার করা যেত, তাহলে হয়তো এমনটা (ডে কেয়ারে হত্যাযজ্ঞ) হতো না,” বলেছেন তিনি।

নং বুয়া লাম ফু থাইল্যান্ডের উত্তরপূর্বের একটি দরিদ্র প্রদেশ, যেখানে প্রচুর ধান ও আখক্ষেত আছে।

পানিয়া বেড়ে উঠেছেন প্রত্যন্ত গ্রাম থা উথাইয়ে, সেখানকার হাইস্কুলেই পড়েছেন এবং পরে ব্যাংককের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। পরে তিনি পুলিশে চাকরি নেন, কাজ করেন রাজধানীর বেশ কয়েকটি ধনী পাড়ায়।

কিন্তু ২০২০ সালে তিনি বাড়ি ফেরেন। তখন মাত্রই বিয়েবিচ্ছেদ ঘটেছে তার, তিনি বাড়ি ফেরেন কারাওকে বারে কাজ করা এক নারী ও তার সন্তানকে সঙ্গে নিয়ে।

তিনি একটি থানায় কাজ করতেন, কিন্তু মাদক সংক্রান্ত ইস্যুতে জানুয়ারিতে চাকরিচ্যুত হন। পানিয়া বদরাগী এবং হুটহাট মারামারি শুরু করে দিত বলে ভাষ্য তার সহকর্মীদের।

উদ্বিগ্ন হওয়ার মতো আরও কিছু লক্ষণ ছিল তার মধ্যে।

যখন বাড়ির বাইরে যেতেন, তখন তিনি বান্ধবী ও তার সন্তানকে ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় রেখে বের হতেন বলে জানিয়েছেন এক প্রতিবেশী।

পাশের এক গ্রামের উপপ্রধান সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, ২০২০ সালে থাইল্যান্ডে সংঘটিত এক হত্যাযজ্ঞের ভূয়সী প্রশংসা করেছিলেন পানিয়া। ওই ঘটনায় অন্য এক প্রদেশে এক সেনা ২৯ জনকে হত্যা করেছিল। পানিয়া সেসময় বলেছিল, ওই সেনার জায়গায় তিনি থাকলে আরও হত্যা করতেন।

গ্রামের ওই উপপ্রধান রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হননি।

আরেক প্রতিবেশী জানান, হত্যাযজ্ঞ চালানোর কয়েকদিন আগে গ্রামপ্রধান পানিয়াকে তার আচরণের ব্যাপারে সতর্ক করেছিলেন। তাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল এবং গ্রামপ্রধান ভয় পেয়ে গিয়েছিলেন, বলেছেন সুওয়ান টনসমসেন নামের ওই প্রতিবেশী।

মন্তব্যের জন্য গ্রামপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

হত্যাযজ্ঞ চালানোর দিন আগেই থেকেই মাদক মামলায় পানিয়ার আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি নির্ধারিত ছিল। পরদিনই রায় হওয়ার কথা। 

হাজিরার দিন ভোরের আগে প্রতিবেশীরা গ্রামের এক প্রান্তে পানিয়ার ঘরে তার বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটির শব্দ পেয়েছিলেন। বান্ধবী সেসময় পানিয়াকে ছেড়ে যাওয়ার কথা বলেছিল বলে জানিয়েছে পুলিশ।

আদালতে কী হয়েছিল সে বিষয়ে রয়টার্স তেমন কিছু জানতে না পারলেও প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, পানিয়ার আইনজীবী তাকে তার সচ্চরিত্রের প্রমাণ হাজির করতে বলেছিল। আরেক প্রতিবেশী পানিয়ার মা’কে ছেলের ডিগ্রি সনদপত্র হাতে দেখেছিলেন।

পানিয়া যখন বাড়ি ফেরেন তখন সেখানে তার বান্ধবী আর তার ছেলে ছিল না, বলছে পুলিশ।  

এরপর দুপুরের দিকে সাবেক এ পুলিশ কর্মকর্তা একটি সাদা পিকআপ ট্রাক নিয়ে বের হন। এক রাস্তার মোড়ে একটি ছোট দোকানের সামনে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। এরপর গাড়ির জানালার কাচ নামিয়ে ওই ব্যক্তিকে গুলি করেন বলে জানান প্রত্যক্ষদর্শী সমবাত রাত্তিনি, তিনিই ওই দোকানটি চালান।

আহত ওই মোটরসাইকেল আরোহী হামাগুড়ি দিয়ে দোকানের দিকে যেতে যেতে সাহায্যের জন্য আকুতি জানিয়েছিল। সমবাত জানালা দিয়ে পানিয়াকে দেখছিলেন, সেসময় পানিয়ার বন্দুক তার দিকে তাক করা ছিল; এই দোকানদার ভেবেছিলেন, তিনিও মরতে যাচ্ছেন।

Image

ছবি: রয়টার্স

সমবাত আর পানিয়া একে অপরকে চিনতেন। পানিয়া তার দোকান থেকে পানি কিনতেন। 

শেষ পর্যন্ত পানিয়া সেখানে আর কাউকে গুলি করেননি, তার বদলে তিনি এক চৌরাস্তায় গিয়ে একদল মানুষের উপর হামলে পড়েন। ট্রাক থেকে নেমে সমানে ছুরি মারতে থাকেন। সেখানে তিনজন মারা যায়, একাধিক লোক গুরুতর জখম হয়।

সেখান থেকে গাড়ি নিয়ে তিনি যান একটি সরকারি কার্যালয়ের পাশে অবস্থিত প্রশাসনিক কমপ্লেক্সে যেখানে উথাই সাওয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের গোলাপী রঙের একতলা ভবনটি অবস্থিত।

পানিয়া যখন সেখানে পৌঁছান তখন বেলা সাড়ে ১২টার মতো বাজে, ওই ডে কেয়ার সেন্টারটির শিক্ষকরা তখন শিশুদের ঘুম পাড়িয়েছেন।

ডে কেয়ার সেন্টারটিতে এসে চত্বরেই লোকজনের ওপর হামলা শুরু করেন পানিয়া। কয়েকজনকে গুলি করেন, অন্যদের লম্বা একটি ছুরি দিয়ে কোপাতে থাকেন। এই ধরনের ছুরি সাধারণত কৃষকরা ফসল কাটতে ব্যবহার করেন।

পানিয়ার হামলায় সেখানে একাধিক লোক নিহত হয়।

“সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যায়, সবখানে রক্ত। আমি দেখলাম, আহত ও মৃতরা এমন একত্রিতভাবে টেবিলে বসে আছে, যেন কিছুই হয়নি,” বলেছেন অফিসকর্মী কিত্তিসাক পোলপ্রাকাপ (২৯) ।

আতঙ্কিত লোকজন দৌড়ানো শুরু করে। কয়েকজন কর্মী এসময় পুলিশকে ফোন দিয়েছিলেন, কিন্তু তারা সেসময় অন্যত্র ব্যস্ত থাকার কথা জানায়।

পানিয়া ডে কেয়ার সেন্টারটির দরজায় দুইবার গুলি করে এবং লাথি মেরে সেটি খুলে ফেলে বলে এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন। পরের ২০ মিনিট পানিয়া ওই ভবনের একটার পর একটা কক্ষে গিয়ে শিক্ষকদের গুলি করেন আর শিশুদের ছুরি মারেন।

অনেক শিক্ষক দেয়াল টপকে পালিয়ে যেতে পারলেও পারেননি ২৬ বছর বয়সী সুপাপর্ন প্রামংমক, তিনি ছিলেন ৮ মাসের গর্ভবতী। আরেক শিক্ষক মালিওয়ান লাসোফা চেয়েছিলেন পানিয়ার মন গলাতে, তারা দুজন বাল্যকালে বন্ধু ছিলেন, একসঙ্গে খেলাধুলাও করেছেন।

পানিয়া দুজনকেই হত্যা করেন।

ডে কেয়ারটির শুধু একটি শিশুই পানিয়ার হাত থেকে অক্ষত অবস্থায় রক্ষা পায়, তিন বছর বয়সী এমি; তার চোখ কম্বলে ঢেকে তাকে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়।    

এখান থেকে পানিয়া নিজের এলাকায় ফিরে এক প্রতিবেশীর দিকে তেড়ে যান।

“কী করছো তুমি?,” ওই লোকের প্রশ্নের জবাবে সাবেক এ পুলিশ কর্মকর্তা বলেন, “আমি এসেছি তোমাকে খুন করতে।”

ওই লোককে মারার পর পানিয়া আরও একজনের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে, বলেন প্রত্যক্ষদর্শী ফুওয়ান পলিয়াম। সেসময় নিজের ঘরে দুই সন্তানকে নিয়ে লুকিয়ে, ছেলে যেন শব্দ না করে সেজন্য তার মুখ চেপে ধরে শাশুড়ি সুওয়ান টনসমসেনের মোবাইলে একের পর এক বার্তা পাঠিয়েছিলেন এ নারী।

তার একটিতে লেখা ছিল, “ও এখানে।”

সুওয়ানের ফোন রেকর্ড দেখাচ্ছে সেসময় তিনি পুলিশকে একাধিক কল করেছিলেন।

“তারা বলেছিল তাদের ওইখানে পর্যাপ্ত পুলিশ নেই, তাই তারা কমান্ডো ইউনিটের জন্য অপেক্ষা করছে। এতে তাদের অনেক সময় লেগে যায়,” বলেন সুওয়ান।

এ নারী জানান, পানিয়া তাদের গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে পরে সেখান থেকে চলে যান। নিজের ঘরে ফিরে আনুমানিক ৩টার দিকে নিজের ট্রাক জ্বালিয়ে দেন; বান্ধবী ও তার সন্তানকে গুলি করে এরপর নিজের ওপর গুলি চালান।

এলাকাবাসী এখনও পুরো ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।

“সবাই হতাশ হয়। কিন্তু এর সমাধান অপরাধে নয়। কেন তিনি শিশুদের ওপর আক্রমণ ও তাদের আঘাত করেন? এটাই জানতে চাইছি আমরা,” বলেন দোকানদার সমবাত।