ইমরানের ভাষণ সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা হাই কোর্টে স্থগিত
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর পেমরার দেওয়া নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা স্থগিত করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।
সোমবার ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ এ আদেশ দেন বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ‘ডন’।
খবরে বলা হয়, সোমবার ইমরান খান এ বিষয়ে একটি পিটিশন দায়ের করলে বিচারপতি আতহার বিষয়টি আমলে নেন এবং বলেন, তার মনে হচ্ছে পেমরার ‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই’। তাই পেমরা যেন এমন একজনকে নিয়োগ দেয় যিনি আদালতে পেমরার ওই নিষেধাজ্ঞার ন্যায্যতা প্রমাণ করতে পারবেন।
গত ২০ অগাস্ট ইসলামাবাদে একটি সমাবেশ করার সময় রাষ্ট্রদ্রোহের একটি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার দলীয় নেতা শাহবাজ গিলের প্রতি সমর্থন জানাতে গিয়ে পাকিস্তানের বিচার ব্যবস্থাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলেছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান।
সেখানে তিনি শাহবাজের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা একজন নারী বিচারক ও শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মামলার’ হুমকিও দিয়েছিলেন।
ওই বক্তব্যের জেরে পুলিশ ইমরানের বিরুদ্ধে মামলা করেছে এবং পেমরা তার বক্তব্য সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সোমবারের শুনানিতে ইমরানের প্রতিনিধিত্ব করেন ব্যারিস্টার আলি জাফর। তিনি আদালত কে বলেন, মঙ্গলবার দিনশেষে বন্যায় আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহে একটি ‘লাইভ টেলিথোন’ করতে চান ইমরান খান। যুক্তিতর্ক শোনার পর বিচারক আতহার পেমরার নিষেধাজ্ঞা স্থগিত করেন।
