গুয়াতেমালার ১০০ এমপিসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি
গণতন্ত্র বা আইনের শাসন ক্ষুন্ন করার অভিযোগে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরাও আছে।
অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও অন্যান্য অপকীর্তির অভিযোগে গুয়াতেমালার ১০০ কংগ্রেস সদস্যসহ (এমপি) প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সোমবার এ ঘোষণা দেওয়া হয়। এই নাগরিকদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরাও আছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় গোপনীয়তা বজায় রাখার স্বার্থে গুয়াতেমালার ভিসা কড়াকড়ি আরোপ হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। এই ব্যক্তিরা গণতন্ত্র বা আইনের শাসন ক্ষুন্ন করার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
গুয়াতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট বেরনারডো আরেভালোর জয় বাতিলের জন্য তার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলসহ অন্যান্য কৌঁসুলিদের আইনি পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা নিল। কৌঁসুলিদের এ পদক্ষেপকে ‘ন্যায়ভ্রষ্টতা’ এবং ‘অভ্যুত্থানচেষ্টা’ আখ্যা দিয়েছেন বেরনারডো আরেভালো।
গত অগাস্টে গুয়াতেমালায় দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে আরেভালো বিপুল ভোটে জয় পাওয়ার পরই এ নির্বাচন বাতিল ছাড়াও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করেন অ্যাটর্নি জেনারেল।
তাছাড়া, কর্তৃপক্ষের কাছে নির্বাচিত প্রেসিডেন্ট আরেভালো প্রেসিডেন্ট হিসাবে যে ছাড় পান, তাও প্রত্যাহারেরও অনুরোধ করে অ্যাটর্নি জেনারেলের ‘পাবলিক মিনিস্ট্রি’ কার্যালয়।
এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, “গুয়াতেমালার জনগণ তাদের কথা বলেছে। তাদের বক্তব্যকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।
“গুয়াতেমালার গণতন্ত্রকে ক্ষুন্ন করে এমন যে কোনও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র এ ধরনের (ভিসা) কড়াকড়ি আরোপের পদক্ষেপ নিয়ে যাবে।”
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আরেভালো ও তার মধ্য-বামপন্থি সিড মুভমেন্ট পার্টির বিরুদ্ধে কয়েক দফা তদন্ত করেছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। কয়েক বছর আগে দলের নিবন্ধন নেওয়ার সময় অনিয়ম হয়েছে অভিযোগে এসব তদন্ত করা হয়।
