কাবুলে রুশ দূতাবাসের কাছে বোমা হামলায় ২ কর্মী নিহত
হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। কাবুলের পুলিশ বলছে, এক আত্মঘাতী হামলাকারী দূতাবাসকে নিশানা করেছিল।
আফগানিস্তানের রাজধানী কাবুলে রাশিয়ার দূতাবাসের প্রবেশপথের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে দূতাবাসের দুই কর্মী মারা গেছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবারের এ হামলায় সাধারণ আফগান হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তারা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “৫ সেপ্টেম্বর কাবুলের স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটে সেখানে অবস্থিত রাশিয়ার দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রবেশপথের কাছেই এক জঙ্গি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।”
“এতে সেখানকার দুইজন কর্মচারি নিহত হওয়াসহ আশেপাশের আফগান নাগরিকরাও হাতহত হয়েছে। দূতাবাস থেকে আফগান নিরাপত্তা সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিরাপত্তা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।”
হামলার শিকার দূতাবাস কর্মীদের পরিচয় স্পষ্ট জানা যায়নি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব ‘রিয়া’ নিউজ এর আগে এক খবরে হামলায় একজন কূটনীতিক এবং দূতাবাসের একজন রক্ষী আহত হওয়ার কথা জানিয়েছিল।
হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। কাবুলের পুলিশ বলছে, এক আত্মঘাতী হামলাকারী দূতাবাসকে নিশানা করেছিল। তবে সে হামলার জন্য এগিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। এতেই বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে।
আফগানিস্তানে গত বছর অগাস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অল্প কয়েকটি দেশেরই কূটনৈতিক মিশন কাজ করছে।
তালেবান সরকারকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে মস্কো থেকে আফগানদের গম, তেল, গ্যাসের মতো কিছু পণ্য কেনা নিয়ে বনিবনার জন্য দু’পক্ষ আলোচনা চালিয়েছে।
