২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে নিজেদের স্বার্থ সুরক্ষার অঙ্গীকার মালয়েশিয়ার

দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ মেটাতে চীনের সঙ্গে আলোচনায় রাজি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

দক্ষিণ চীন সাগরে নিজেদের স্বার্থ সুরক্ষার অঙ্গীকার মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 08:57 PM

Updated : 08 Apr 2023, 08:57 PM

দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার জ্বালানি প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। আর মালয়েশিয়া সরকার বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে নিজেদের সার্বভৌম অধিকার এবং স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনসহ প্রতিবেশী দেশগুলোর বিরোধ দীর্ঘদিনের।

মালয়েশিয়ার রাষ্ট্রায়াত্ত জ্বালানি কোম্পানি পেট্রোনাস দক্ষিণ চীন সাগরে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা অংশে কার্যক্রম চালাচ্ছে। যা নিয়ে চীন উদ্বেগ প্রকাশ করেছে বলে গত মঙ্গলবার জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তখন তিনি বলেন, তিনি এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় রাজি আছেন।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে দেশটির বিরোধীদলগুলোর পক্ষ থেকে বলা হয়, আনোয়ার মালয়েশিয়ার সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছেন।

পরে শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা করে একটি বিবৃতি প্রকাশ করে।

যেখানে বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্যের অর্থ মালয়েশিয়া নিজেদের অবস্থানের সঙ্গে কোনো ধরণের আপোস না করে দক্ষিণ চীন সাগর সংক্রান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান।

‘‘মালয়েশিয়া সরকার দ্ব্যর্থহীন এবং দৃঢ়ভাবে মালয়েশিয়ার সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের সামুদ্রিক এলাকায় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে। যে সাগরে রয়েছে খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য পথ। যে পথ দিয়ে বছরে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য যাতায়াত করে।

চীন ছাড়াও মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপিন্স, তাইওয়ান এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের অনেকাংশ নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে (ইইজে) নিজেদের তেল ও গ্যাসক্ষেত্র পরিচালনা করে পেট্রোনাস। সাম্প্রতিক বছরগুলোতে চীনের জাহাজের সঙ্গে তাদের জাহাজ বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল।