১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০

সিরিয়ার উত্তরপশ্চিমের সীমান্ত এলাকার শহরগুলোতে সম্প্রতি ভিড়ের মধ্যে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2024, 11:22 AM

Updated : 31 Mar 2024, 11:22 AM

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে একটি ব্যস্ত বাজারের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মুসলমানদের পবিত্র রমজান মাসে রাতের বেলা কেনাকাটা করতে আসা মানুষের ভিড় যখন সর্বোচ্চ ছিল ঠিক সেই সময়ে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়।

পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলের কাছেই থাকা ইয়াসিন শালাবি বলেন, “ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের মধ্যে বিস্ফোরণটি ঘটেছে।”

এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

আরব জনগোষ্ঠী অধ্যুষিত শহরটি তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত। দুই বছর আগে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পর থেকে শহরটি শান্তই ছিল।

সিরিয়ার উত্তরপশ্চিমের সীমান্ত এলাকার শহরগুলোতে সম্প্রতি ভিড়ের মধ্যে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে।