পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইহুদি নিহত
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ সংশ্লিষ্ট একটি উপদল হামলার দায় স্বীকার করেছে।
অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার একদল বন্দুকধারী ইহুদি এক বসতি স্থাপনকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ সংশ্লিষ্ট একটি উপদল ওই হামলার দায় স্বীকার করেছে।
ফিলিস্তিনিরা যে অঞ্চলগুলোকে নিজেদের রাষ্ট্র হিসেবে চায় পশ্চিম তীর তার একটি। ২০২২ সালের মার্চ মাস থেকে সেখানে একের পর এক সহিংস ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনী সেখানে বড় ধরনের অভিযান চালিয়েছে।
পশ্চিম তীরের ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে হারমেশ বসতির বাসিন্দা এক ব্যক্তি গাড়ি চালিয়ে কাছেই যাওয়ার সময় তাকে তার গাড়ির ভেতরই গুলি করা হয়। হারমেশ বসতির নেতা ইওসি দাগান এক বিবৃতিতে এ তথ্য জানান।
গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তিকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসকরা জানান, নিহত ব্যক্তি একজন বেসামরিক, বয়স ৩০ এর কোটায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ফাতাহ সংশ্লিষ্ট আল আকসা মার্টির্স ব্রিগেডস এই হত্যাকণ্ডের দায় স্বীকার করে বলেছে, ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে তারা এটা করেছে।
