২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৯

আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। তারা আফ্রিকার এ দেশটিতে কট্টর শরিয়াভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাইছে।

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৯

সোমালিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আল-শাবাব প্রায়ই বোমা-বন্দুক হামলা চালায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 10:45 AM

Updated : 04 Sep 2022, 10:45 AM

সোমালিয়ার মধ্যাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় ১৯ বেসামরিক নিহত ও খাদ্য সাহায্য বোঝাই বেশ কয়েকটি ট্রাক ধ্বংস হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আধা-স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যের হিরান এলাকায় শুক্রবার রাতে জঙ্গিগোষ্ঠীটি এ হামলা চালায়।

তাদের হামলার শিকার ট্রাকগুলো খাদ্য সহায়তা নিয়ে বালাদোয়েইনে শহর থেকে মাহাস শহরে যাচ্ছিল, শনিবার হিরানের বাসিন্দারা এমনটাই বলেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

“জঙ্গিরা গত রাতে ভ্রমণরত নিরপরাধ বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। হতাহতের সঠিক সংখ্যা বলতে পারছি না, এখন পর্যন্ত ১৯টি মৃতদেহ পাওয়া গেছে,” প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন স্থানীয় একটি গোত্রের বয়োজ্যেষ্ঠ আব্দুলাহি হারেদ।

হিরান অঞ্চলের গভর্নর আলি জেইতি বলেন, “মৃতদেহ এখনও পাওয়া যাচ্ছে; মৃতদের মধ্যে শিশু-নারীরাও আছে। এই সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে।”

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনার প্রতিবেদনে বলা হয়েছে, আল-শাবাবের যোদ্ধারা ওই ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং ‘যানগুলোতে থাকা অধিকাংশ বেসামরিককেই হত্যা করে’।

পরে এক বিবৃতিতে আল-শাবাব জানায়, তাদের হামলার লক্ষ্য ছিল স্থানীয় একটি উপদলের যোদ্ধারা, যারা সম্প্রতি সরকারি বাহিনীকে সাহায্য করেছে।

ওই উপদলের সেনা এবং তাদের জন্য জিনিসপত্র নিয়ে যাওয়া ২০ জনকে হত্যা এবং ৯টি যান ধ্বংস করা হয়েছে, বলেছে তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। তারা আফ্রিকার এ দেশটিতে কট্টর ইসলামি শরিয়াভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাইছে।

এই জঙ্গিগোষ্ঠীটি নিয়মিতই সোমালিয়ার সামরিক বাহিনী ও বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা, বন্দুক হামলা চালিয়ে আসছে।

গত মাসে রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে ঢুকে পড়ে তারা ২০ জনের বেশি মানুষকে হত্যা করে; ৩০ ঘণ্টা যুদ্ধ শেষে সরকারি বাহিনী ওই হোটেলের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং জিম্মিদের মুক্ত করে।