দুর্ঘটনায় টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি নিহত
তারা যে গাড়িটিতে ছিলেন সেটি একটি সড়ক বিভাজকে গিয়ে ধাক্কা খায়, এতে মিস্ত্রি ও তার এক বন্ধু নিহত হন।
ভারতের শিল্প গ্রুপ টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে মুম্বাইয় থেকে ১৩৫ কিলোমিটার দূরে একটি মহাসড়কে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে মহারাষ্ট্র পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।
মহারাষ্ট্র রাজ্যের পুলিশ কর্মকর্তা শ্রীকান্ত শিন্ডের ভাষ্য অনুযায়ী, তারা যে গাড়িটিতে ছিলেন সেটি একটি সড়ক বিভাজকে গিয়ে ধাক্কা খায়, এতে মিস্ত্রি (৫৪) ও তার এক বন্ধু নিহত হন।
গাড়িতে থাকা আরও দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনার সময় মিস্ত্রি ও তার বন্ধুর সিট বেল্ট বাঁধা ছিল না।
এনডিটিভি জানিয়েছে, সাইরাস মিস্ত্রি গুজরাটের উদাওয়াদা থেকে মুম্বাই ফিরছিলেন। এ সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন বন্ধু জাহাঙ্গীর পান্ডোলে, দারিয়াস পান্ডোলে ও তার স্ত্রী অনাহিতা পান্ডোলে।
স্ত্রী রোগ বিশেষজ্ঞ অনাহিতা তাদের বহনকারী মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর তাতেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মিস্ত্রি ও জাহাঙ্গীর গাড়িটির পেছনের সিটে বসেছিলেন। ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। অনাহিতা ও তার স্বামী দারিয়াস গুরুতর আহত হন।
পুলিশ কর্মকর্তারা জানান, মিস্ত্রি ও জাহাঙ্গীর সিট বেল্ট না বাঁধায় তাদের পাশের পর্দার এয়ারব্যাগ খুলেনি।
রোববার পুলিশ জানিয়েছে, পালঘর জেলার চারোটি নাকা চেকপোস্ট পেরিয়ে সূর্য নদীর একটি সেতুতে ওঠার পর গাড়িটি রং সাইড দিয়ে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।
ঘটনাস্থলের কাছে সিসিটিভি ক্যামেরাগুলোতে রেকর্ড হওয়া ফুটেজ বিশ্লেষণ করে দেখছে পুলিশ। পাশাপাশি গাড়িটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজের ব্ল্যাকবক্সের মতো গাড়িটিতে সংযোজন করা একটি চিপ থেকে তথ্য বের করার চেষ্টা করছেন তারা।
আনন্দবাজার অনলাইনের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে পালোনজি মিস্ত্রির অবসরের পর তার ছেলে সাইরাস মিস্ত্রি টাটা সন্স বোর্ডে যোগ দেন। রতন টাটা ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালে সাইরাস ওই পদে অধিষ্ঠিত হন। ২০১৬ পর্যন্ত এ পদে থাকলেও ওই বছরই টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়। সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি সাইরাসে হাতে এক সময় টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ার ছিল।
