রাশিয়ার পরমাণু শক্তি চালিত জাহাজে আগুন
এটি রাশিয়ার একমাত্র পরমাণু শক্তি চালিত আইসব্রেকিং ট্রান্সপোর্ট জাহাজ।
সোভিয়েত আমলে তৈরি রাশিয়ার পরমাণু শক্তি চালিত একটি জাহাজে আগুন লাগার পর জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন। যে কারণে হতাহতের ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয়।
বিবিসি জানায়, রাষ্ট্র পরিচালিত ওই কার্গো-আইসব্রেকারটিতে রোববার আগুনের সূত্রপাত হয়। যেটি বর্তমানে রাশিয়ার উত্তরের নগরী মুরমানস্কের পোতাশ্রয়ে রয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগুন সর্বোচ্চ ৩০ বর্গমিটার জুড়ে ছড়িয়েছিল।
“দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্র বা চুল্লির কোনো ক্ষতি করতে পারেনি।”
অটোমফ্লোট ওই জাহাজটি পরিচালনা করে।
১৯৮৮ সালে কাজ শুরু করা জাহাজটিতে এক দশক আগে বড় ধরণের সংস্কার করা হয়। এটি রাশিয়ার একমাত্র পরমাণু শক্তি চালিত আইসব্রেকিং ট্রান্সপোর্ট জাহাজ।
