২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে পরিস্থিতি আমাদের বাহিনীর জন্য ‘চাপের’: রুশ কমান্ডার

খেরসন অঞ্চলে রুশ বাহিনী ২০-৩০ কিলোমিটার পিছু হটেছে এবং তারা নিপ্রো নদীর পশ্চিম তীরে আটকা পড়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

ইউক্রেইনে পরিস্থিতি আমাদের বাহিনীর জন্য ‘চাপের’: রুশ কমান্ডার

কুপিয়ানস্ক শহরে গুলি ও বোমার শার্পনেলের আঘাতে ক্ষতবিক্ষত একটি দেয়ালে আঁকা গ্রাফিতির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 02:45 PM

Updated : 19 Oct 2022, 02:45 PM

ইউক্রেইনের বাহিনীগুলোর পাল্টা আক্রমণে তাদের বাহিনীগুলো ‘চাপে আছে’ বলে বিরল এক স্বীকারোক্তি দিয়েছেন রুশ বাহিনীর নতুন কমান্ডার।

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের ও পূর্বাঞ্চলের চারটি অঞ্চল দুই সপ্তাহ আগে রাশিয়া তার ভূখণ্ডভুক্ত করে নেয়, এই অঞ্চলগুলো পুনরুদ্ধারে আক্রমণ শুরু করেছে কিইভের বাহিনীগুলো।  

রাশিয়ার উদ্বেগের আরেকটি লক্ষণ প্রকাশ করে দক্ষিণের কৌশলগত অঞ্চল খেরসনের মস্কোর নিয়োগ করা প্রধান মঙ্গলবার নিপ্রো নদীর তীরবর্তী চারটি শহর থেকে বেসামরিকদের ‘সংগঠিতভাবে, ধীরে ধীরে সরিয়ে নেওয়ার’ ঘোষণা দিয়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বর্তমানে ইউক্রেইনে রাশিয়ার অভিযানরত বাহিনীর নেতা দেশটির বিমান বাহিনীর জেনারেল সের্জেই সুরোভকিন রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রোশিয়া টোয়েন্টিফোর নিউজ চ্যানেলকে বলেছেন, “‘বিশেষ সামরিক অভিযান’ এলাকার পরিস্থিতিকে চাপের বলে বর্ণনা করা যায়।” 

খেরসনের বিষয়ে সুরোভকিন বলেন, “এই এলাকার পরিস্থিতি কঠিন। শত্রুরা ভেবেচিন্তে অবকাঠামো ও আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে।”   

খেরসন অঞ্চলে গত কয়েক সপ্তাহে রুশ বাহিনী ২০ থেকে ৩০ কিলোমিটার পিছু হটেছে এবং তারা ইউক্রেইনকে বিভক্ত করা ২২০০ কিলোমিটার দীর্ঘ নিপ্রো নদীর পশ্চিম পাড়ে আটকা পড়ে যাওয়ার ঝুঁকিতে আছে।  

২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে যুদ্ধ মূলত দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ঘিরে চলছে।

সুরোভকিন জানিয়েছে, পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক ও লেমানে এবং দক্ষিণাঞ্চলের খেরসন প্রদেশের মাইকোলাইভ ও ক্রিভই রিয়ার মধ্যবর্তী অঞ্চলে রুশ বাহিনীর অবস্থানে অনবরত হামলা চালানো হচ্ছে।

তিনি স্বীকার করেছেন, নিপ্রো নদীর মোহনার মুখে পশ্চিম তীরে খেরসন শহরের দিকে ইউক্রেইনীয় বাহিনীগুলো এগিয়ে আসলে বিপদ আছে।

 ইউক্রেইন অভিযানের প্রথমদিকেই খেরসন দখল করেছিল রাশিয়া। ইউক্রেইনের বড় শহরগুলোর মধ্যে একমাত্র খেরসনই অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণ নিতে পেরেছে মস্কো।  

দক্ষিণের আরেকটি এলাকা জাপোরিজিয়ার রাশিয়ার নিয়োগকৃত গভর্নিং কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রগোভ জানিয়েছেন, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনেক কর্মী যেখানে বসবাস করেন সেই রাশিয়া অধিকৃত শহর এনারহোদারে ইউক্রেইনীয় বাহিনী রাতভর গোলাবর্ষণ করে আসছে এবং এখন তা আরও জোরদার করেছে।

বুধবার টেলিগ্রামে তিনি লিখেছেন, “শহরটির প্রান্তে গোলা এসে পড়ছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশে ১০ বার হামলা চালানো হয়েছে।”

অপরদিকে ইউক্রেইন এনারহোদারের মেয়র বলে যাকে বিবেচনা করে সেই দিমিত্রো অরলোভ ওই গোলাবর্ষণের জন্য রাশিয়াকেই দায়ী করেছেন।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, “প্রায় মধ্যরাত থেকে শিল্প এলাকায় ও এরপর মূল শহরে গোলাবর্ষণ শুরু হয় আর সকালেও থামে না।”  

রাশিয়া ও ইউক্রেইন, উভয়েই বেসামরিক লক্ষ্যে হামলা চালানো কথা অস্বীকার করে আসছে আর যুদ্ধক্ষেত্র নিয়ে তাদের পরস্পরবিরোধী দাবিগুলো রয়টার্স যাচাই করে দেখতে পারেনি।

আরও পড়ুন:

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ৩০ মিনিটে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া: ইলন মাস্ক