২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সিউলে পারমাণবিক হামলার মহড়া: উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার পাল্টা পদক্ষেপে উত্তর কোরিয়া কয়েক সপ্তাহের মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সিউলে পারমাণবিক হামলার মহড়া: উত্তর কোরিয়া

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 10:13 PM

Updated : 10 Oct 2022, 10:27 PM

উত্তর কোরিয়া বলেছে, সম্প্রতি তারা একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়ার ওপর পারমাণবিক হামলারই অনুশীলনী মহড়া চালিয়েছে।

পাঁচ বছরের মধ্যে প্রথম উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে– এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর দেশটি একথা জানাল।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার পাল্টা পদক্ষেপে উত্তর কোরিয়া কয়েক সপ্তাহের মধ্যে সাত দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করে এসব ক্ষেপণাস্ত্র বানানো হয়েছে।

স্বল্প পাল্লার এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলোতে ক্ষুদ্রকায় এসব ওয়ারহেডের ডামি সংস্করণ লোড করার অনুশীলন করেছে।

মহড়ায় দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি, বন্দরসহ বিমানবন্দরে সফলভাবেই আঘাত করার অনুশীলন করা হয়েছে বলে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে। বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জন্য সতর্কবার্তা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা গেছে, দেশটির নেতা কিম জং-উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছেন এবং নির্দেশনা দিচ্ছেন।

Image

ছবি: রয়টার্স

যুক্তরাষট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা বলে আসছেন, ২০১৭ সালের পর প্রথমবারের মতো শিগগিরই একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া প্রথমবারের মতো ছোট একটি ট্যাকটিক্যাল ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর সুযোগও নিতে পারে, যা দেশটির পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রে বহনের উপযোগী হবে।