ইউক্রেইনে শান্তির জন্য রাশিয়াকে মানাতে শি’কে ম্যাক্রোঁর আহ্বান
ইউক্রেইন যুদ্ধ অবসানে চীনের প্রেসিডেন্টকে আরও কিছু করার জন্য চাপ দিতে বৃহস্পতিবার বেইজিং সফরে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রধান।
ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তার ঘনিষ্ঠ বন্ধুদেশ রাশিয়াকে মানানোর আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইউক্রেইন যুদ্ধ অবসানে চীনের প্রেসিডেন্টকে আরও বেশিকিছু করার জন্য চাপ দিতেই বৃহস্পতিবার বেইজিং সফরে যান ম্যাক্রোঁ। তার সঙ্গে গেছেন ইউরোপীয় কমিশনের প্রধান ভন ডার লিয়েনও।
এর মধ্য দিয়ে তারা একতার বার্তা দিয়েছেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় তারা কী ফল নিয়ে আনতে পারেন সেদিকে নজর সবার।
চীনের রাজধানী বেইজিংয়ের আলোচনায় ম্যাক্রো বলেছেন, সংকট অবসানে সহায়তা করতে পশ্চিমাদের অবশ্যই বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসা উচিত। যাতে ছড়িয়ে পড়া উত্তেজনা ঠেকানো যায়, যে উত্তেজনা বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে বিবাদ সৃষ্টি করে বিভক্তি ডেকে আনতে পারে।
চীনের `গ্রেট হল অব দ্য পিপল' এর বাইরে প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকের শুরুতে ম্যাক্রোঁ বলেন, “ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন (আন্তর্জাতিক) স্থিতিশীলতায় ধাক্কা।
“আমি জানি আলোচনার মধ্য দিয়ে রাশিয়াকে আবার মানানো এবং সবাইকে আলোচনার টেবিলে নিয়ে আসতে আমি আপনার ওপর নির্ভর করতে পারি।”
ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার পর এক বক্তব্যে শি ইউক্রেইন এবং রাশিয়াকে শান্তি আলোচনা শুরু করা এবং সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।
শি’র সঙ্গে বৈঠকের বিষয়ে ফ্রান্স বলেছে, দুই নেতার আলোচনা খোলামেলা এবং ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে, চীন এই বৈঠককে বন্ধুত্বপূর্ণ এবং নিবিড় বলে বর্ণনা করেছে।
বৈঠকে ম্যাক্রোঁ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক নীতি মেনে চলার জন্যও রাশিয়াকে চাপ দিতে চীনের প্রেসিডেন্টকে অনুরোধ জানান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনের প্রতিবেশী দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র রাখার কথা বলেছেন। ইউক্রেইনে রক্তক্ষয়ী যুদ্ধ চলার মাঝে এই পদক্ষেপকে বিপজ্জনক হিসাবেই দেখা হচ্ছে।
শি বলেন, সব দেশেরই উচিত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি মেনে চলা উচিত। পারমাণবিক যুদ্ধ চালানো উচিত নয়। তবে তিনি রাশিয়ার নাম নেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা সংকট আরও জটিল আকার ধারণ করে এমন কোনওকিছু করা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ম্যাক্রোঁর সফরসঙ্গী ইউরোপীয় কমিশনের প্রধান ভন ডার লিয়েন ২০১৯ সালে এই পদে আসীন হওয়ার পর এই প্রথম চীন সফর করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার চীনের প্রেসিডেন্ট শি এবং ম্যাক্রোঁর সঙ্গে ত্রীপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে।
