২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত, জানাল ইরান

ইরানের সঙ্গে আকাশ যুদ্ধের শেষ পর্যায়ে ইসরায়েল গত ২৩ জুন তেহরানের এ কারাগারে হামলা চালায়।

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত, জানাল ইরান
ইরানের তেহরানে অবস্থিত এভিন কারাগারের প্রবেশ দরজা। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে গত সপ্তাহে তেহরানের এভিন কারাগারে তেল আবিবের হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচারবিভাগ।

ইরানের সঙ্গে আকাশ যুদ্ধের শেষ পর্যায়ে ইসরায়েল গত ২৩ জুন তেহরানের এ কারাগারে হামলা চালায়। 

“এভিন কারাগারে হামলায় প্রশাসনিক কর্মকর্তা, সামরিক কাজে নিয়োজিত তরুণ, কয়েদি, কয়েদিদের সঙ্গে দেখা করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাস করা প্রতিবেশীসহ ৭১ জন শহীদ হয়েছে,” রোববার ইরানের বিচারবিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ হিসাব দেন বলে বিচারবিভাগের গণমাধ্যম মিজানের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তেহরানের এ কারাগারেই বেশিরভাগ রাজনৈতিক বন্দিকে রাখা হয়। ইরান পারমাণবিক অস্ত্র বানানার দ্বারপ্রান্তে অভিযোগ জানিয়ে গত ১৩ জুন ইসরায়েল আচমকা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করলে যুদ্ধ বেধে যায়। দুই পক্ষই আকাশপথে একে অপরের সামরিক ও সংবেদনশীল নানান স্থাপনায় হামলা চালাতে থাকে। 

ইসরায়েল পরের দিকে ইরানি সরকারের বিভিন্ন স্থাপনা এবং দেশটির শাসনব্যবস্থার প্রতীক হিসেবে পরিচিত অনেক স্থানে হামলা করতে থাকে, এরই এক পর্যায়ে কারাগারে হামলা হয়।

জাহাঙ্গীর এর আগে ইসরায়েলি হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেকেই হতাহত হয়েছে বলে জানিয়েছিলেন। 

বিচারবিভাগ পরে জানায়, হামলার পর বেঁচে যাওয়া কয়েদিদের তারা তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে স্থানান্তরিত করেছে।  

হামলার আগে এভিন কারাগারে তিন বছর ধরে আটকে রাখা দুই ফরাসীসহ অনেক বিদেশি নাগরিকও ছিলেন।

“তেহরানের এভিন কারাগার লক্ষ্য করে যে হামলা, তা আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক পারির জন্য ঝুঁকি তৈরি করেছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য,” ইসরায়েলি হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনটাই বলেছিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল বারো।