ইরানে সংস্কারপন্থি ৪ রাজনীতিক গ্রেপ্তার
কী অভিযোগে এদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয়।
ইরানের ইসলামিক ইরান নেশনস ইউনিয়ন পার্টি তাদের সাধারণ সম্পাদক আজার মানসুরির মুক্তি চেয়েছে বলে জানিয়েছে খবরের কাগজ শার্গ।
মানসুরিসহ ইরানের সংস্কারপন্থি ও উদারবাদীদের জোট রিফর্ম ফ্রন্টের আরও কয়েকজনকে গ্রেপ্তার করার পর সোমবার নেশনস ইউনিয়ন পার্টি এ দাবি জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর গত মাসে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতা মোকাবেলায় ইরানি কর্তৃপক্ষ ব্যাপক দমনপীড়ন চালিয়েছিল। বিক্ষোভ যেন ফের দানা বেঁধে না ওঠে সেজন্য এখনও গণগ্রেপ্তার ও ভয়ভীতি দেখানো চলছে।
রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রিফর্ম ফ্রন্টের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের কথা জানায়। এরা হলেন- ইব্রাহিম আজগরজাদেহ, মোহসেন আমিনজাদেহ ও আজাদ মানসুরি। মানসুরি রিফর্ম ফ্রন্টের প্রধানেরও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার তেহরানের এভিন কারাগারের কৌঁসুলির কার্যালয়ে রিফর্ম ফ্রন্টের আরও দুই সদস্যকে হাজিরা দিতেও বলা হয়েছে বলে শার্গ জানিয়েছে।
রিফর্ম ফ্রন্টের মুখপাত্র জাভেদ ইমামকেও গ্রেপ্তার করা হয়েছে বলে মানসুরির আইনজীবী হোজ্জাত কেরমানি সোমবার নিশ্চিত করেছেন।
কী অভিযোগে এদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয়, বলেছেন তিনি।
“প্রকৃতপক্ষে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানি না আমরা, কেননা রিফর্ম ফ্রন্ট সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতিও দেয়নি। ব্যক্তিগতভাবে হয়তো কেউ তার মতো করে মন্তব্য করতে পারে,” ইরানের বার্তা সংস্থা লেবারকে (আইএলএনএ) বলেছেন কেরমানি।
রোববার শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচার বিভাগের গণমাধ্যম মিজান বলেছেন, “জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করা চার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।”
এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা।
তেহরান গত মাসের সহিংসতা ও অস্থিরতার পেছনে তার মূল শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ‘দাঙ্গাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের’ দায়ী করে আসছে।
এবারের বিক্ষোভ নিয়ে কোনো বিবৃতি না থাকলেও আগে রিফর্ম ফ্রন্টের বক্তৃতা-বিবৃতিতে নিয়মিতই সরকারের কড়া সমালোচনা করা হতো।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর এর সদস্যরা সতর্ক করে বলেছিল, মৌলিক সংস্কার না হলে দেশের বিপদ অত্যাসন্ন।
ওই বিবৃতি নিয়ে যে মামলা হয়েছিল, তাতে মানসুরিসহ এ চারজনকে গ্রেপ্তার করা হয়নি, বলেছেন কেরমানি।
