Published : 26 Apr 2026, 12:12 PM
হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলির ঘটনাটি ওয়াশিংটন ডিসির কানেকটিকাট অ্যাভিনিউয়ের যে হিলটন হোটেলে ঘটেছে, এই একই স্থানে ১৯৮১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও গুলিতে আহত হয়েছিলেন।
রিগ্যানের ওপর গুলির ওই ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালের ৩০ মার্চ। ওই দিন প্রেসিডেন্ট রিগ্যান হিলটন হোটেলে এক বক্তৃতা শেষে বের হয়ে তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন; জানিয়েছে বিবিসি।
রিগ্যান বেঁচে যান, কিন্তু গুরুতর আহত হন। প্রেসিডেন্টের বুলেট প্রুফ লিমুজিনে আঘাত হেনে ছিটকে আসা একটি গুলি তার পাঁজরের হাড় ভেঙে ভেতরে ঢুকে একপাশের ফুসফুস ফুটো করে দেয়। দ্রুত তাকে নিকটবর্তী জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। ঘটনার ১১ দিন পর ১১ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান রিগ্যান।
একই ঘটনায় হোয়াইট হাউজের তৎকালীন প্রেস সেক্রেটারি জেমস বার্ডি, সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট এবং স্থানীয় মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন কর্মকর্তাও আহত হয়েছিলেন।
এ ঘটনায় বার্ডির মাথায় আঘাত লাগে। তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় আর পক্ষাঘাতগ্রস্ত হয়ে সারাজীবন পঙ্গু অবস্থায় কাটাতে হয়। এই আঘাতের কারণে সারাজীবন ধরে ভুগে ২০১৪ সালে তিনি মারা যান।
অপরদিকে উন্মাদনার সমস্যা থাকায় আদালত হিঙ্কলিকে নির্দোষ ঘোষণা করে। কিন্তু তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালের একটি উচ্চ নিরাপত্তা অংশে আটকে রাখা হয়। ২০১৬ সালে তিনি এ হাসপাতাল থেকে ছাড়া পান।
হিলটন হোটেলের পাশে গুলির ঘটনাস্থলটিতে একটি ফলক দিয়ে ওই ঘটনা চিহ্নিত করে রাখা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের চেষ্টা করার পর সেখানে উপস্থিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা।
এক এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এক ব্যক্তি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে। সুরক্ষা সরঞ্জাম দিয়ে ঘেরা এক এলাকায় গুলির এ ঘটনা ঘটে। ওই এজেন্ট আহত হলেও নিরাপদ আছেন।
নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়।
গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে। সে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে। ৩১ বছর বয়সী এ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ‘অসুস্থ’ বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন:
হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, দ্রুত নিরাপদ স্থানে ট