২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ ড্রোন সুরক্ষা কেন্দ্র চালু করল জার্মানি

এই সুরক্ষা কেন্দ্রে ফেডারেল সরকার ও রাজ্য কর্তৃপক্ষ হাতে হাত মিলিয়ে কাজ করবে। ফলে হুমকি, নাশকতা ও উসকানির বিরুদ্ধে জার্মানি আরও দ্রুত ও নির্ভুলভাবে লড়তে পারবে।

যৌথ ড্রোন সুরক্ষা কেন্দ্র চালু করল জার্মানি
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

গুপ্তচরবৃত্তি ও নাশকতার বাড়তে থাকা হুমকি মোকাবেলায় বার্লিনে প্রথমবারের মতো ফেডারেল সরকার ও রাজ্য পর্যায়ে যৌথ ড্রোন সুরক্ষা কেন্দ্র চালু করেছে জার্মানি।

বুধবার এই কেন্দ্র চালু করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

কেন্দ্রটি পরিদর্শনের সময় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফেডারেল ও রাজ্য কর্তৃপক্ষ হাতে হাত মিলিয়ে কাজ করবে। তাদের বিশেষজ্ঞদের নিয়ে আসবে, পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে একযোগে কাজ করবে।

তিনি বলেন,  “এর ফলে হাইব্রিড হুমকি, নাশকতা ও উসকানির বিরুদ্ধে আমাদের লড়াইয়ের গতি এবং নির্ভুলতা আরও বাড়বে।”

ড্রোন-সংক্রান্ত হুমকি শনাক্ত করা এবং তা মোকাবেলার সক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করাই জার্মানির এই যৌথ ড্রোন সুরক্ষা কেন্দ্র চালুর লক্ষ্য। 

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেগুলো রাশিয়ার পরিচালিত বলে সন্দেহ করা হচ্ছে। 

এসব ড্রোন আকাশসীমা লঙ্ঘন করেছে এবং সেগুলোকে ধাওয়া করতে পশ্চিমা সামরিক জোট নেটোকে যুদ্ধবিমান পাঠাতে হয়েছে। 

পশ্চিমা দেশগুলো এই ড্রোন হানাকে হাইব্রিড যুদ্ধকৌশলের অংশ হিসেবেই দেখে। তবে ক্রেমলিন বলছে, এক্ষেত্রে রাশিয়াকে দোষারোপ করার কোনও কারণ নেই।

ড্রোন সুরক্ষা কেন্দ্র স্থাপনের আগে জার্মানিতে ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে বিভক্ত ছিল।

 এখন ‘জিডিএজেড’ নামে পরিচিত ২৪ ঘণ্টার এই ড্রোন সুরক্ষা কেন্দ্রে ফেডারেল ও রাজ্য পুলিশের পাশাপাশি জার্মান সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করবে, যাতে নিরাপত্তা হুমকি মোকাবেলায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া যায়।

তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই কেন্দ্রে কাজ করলেও সংশ্লিষ্ট প্রতিটি কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত-গ্রহণের ক্ষমতা অপরিবর্তিত থাকবে।