২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে নেতানিয়াহুর বৈঠক,গাজায় শান্তি নিয়ে ‘আত্মবিশ্বাসী’ ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ২১ দফা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা। এর মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করছেন ট্রাম্প।

হোয়াইট হাউজে নেতানিয়াহুর বৈঠক,গাজায় শান্তি নিয়ে ‘আত্মবিশ্বাসী’ ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 12:18 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

গাজায় ইসরায়েলের হামলা চলছে। তার মধ্যেই ট্রাম্পের আমলে তার আমন্ত্রণে সোমবার চতুর্থবারের মতো হোয়াইট হাউজে সফর করছেন নেতানিয়াহু।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ২১ দফা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা। এর মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করছেন ট্রাম্প।

সোমবার হোয়াাইট হাউজের ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার সময় ট্রাম্প গণমাধ্যমকে বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে তিনি “আত্মবিশ্বাসী”

হোয়াইট হাউজে সাংবাদিকরা চিৎকার করে কিছু প্রশ্ন করছিলেন। এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, “গাজায় শিগগিরই শান্তি আসবে এ বিষয়ে আপনি কি আত্মবিশ্বাসী?”

জবাবে ট্রাম্প উত্তর দেন, “আমি খুবই আত্মবিশ্বাসী।” ওভাল অফিসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক হলেও তা ছিল রুদ্ধদ্বার বৈঠক। ফলে দুই জনের আলোচনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে নতুন একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করার কথা রয়েছে ট্রাম্পের। 

আলোচনার সময় ইসরায়েল-গাজা যুদ্ধ শেষ করার জন্য এই নতুন পরিকল্পনা মেনে নিতে নেতানিয়াহুর ওপর ট্রাম্প চাপ সৃষ্টি করবেন বলেই ধারণা করা হচ্ছে।

তবে নেতানিয়াহু বলেছেন, কিছুই এখনও চূড়ান্ত হয়নি। ওদিকে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস বলেছে, তাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাব পাঠানো হয়নি।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ট্রাম্পের ২১ দফা শান্তি পরিকল্পনায় একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের পথ নির্দেশ করা রয়েছে, যে রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার ফিলিস্তিনিরা সেখানেই থাকতে পারবেন। তাদেরকে গাজা ছেড়ে যাওয়ার কথা পরিকল্পনায় বলা হয়নি। 

পরিকল্পনায় এই দফাগুলো থাকার খবর নিশ্চিত হলে বলা যায়, ট্রাম্প-নেতানিয়াহুর সোমবারের বৈঠকে এগুলোই হয়ে উঠবে আলোচনার মূল বিষয়। তাছাড়া, ট্রাম্প শান্তি প্রস্তাব নিয়ে যে ইতিবাচক কথা বলেছেন, তার বাস্তবতাও বৈঠকে পরীক্ষার মুখে পড়তে পারে।

‘টাইমস অব ইসরায়েল’ যুক্তরাষ্ট্রের গাজা শান্তি প্রস্তাবের কপি দেখতে পাওয়ার কথা জানিয়েছে। গণমাধ্যমটি জানায় এ প্রস্তাবে আরও আছে হামাসের নিরস্ত্র হওয়ার প্রতিশ্রুতি পাওয়া, গাজা থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া।

ফলে এই পরিকল্পনা সফল হতে গেলে হামাস এবং ইসরায়েল সরকার দুই পক্ষকেই যে অনেক বড় ছাড় দিতে হবে সেটি স্পষ্ট।

সোমবার হোয়াইট হাউজে বৈঠকের আগে নেতানিয়াহু ফোনে কাতারের প্রধানমন্ত্রী আল থানির সঙ্গেও কথা বলেছেন এবং এ মাসের শুরুতে কাতারের দোহায় ইসরায়েলের বিমান হামলার জন্য ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে কাতারে এমন হামলা ইসরায়েল আর চালাবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

দুই নেতা গাজায় যুদ্ধ শেষের একটি প্রস্তাব, আরও নিরাপদ মধ্যপ্রাচ্য এবং দুই দেশের মধ্যে আরও বেশি বোঝাপড়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।