কাতারে পাকিস্তানিদের ‘ভিসা-অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত
স্থগিত রাখার কারণ হিসেবে ‘বর্তমান পরিস্থিতির’ কথা বলেছে পাকিস্তান দূতাবাস।
পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা স্থগিত করে দিয়েছে কাতার।
মঙ্গলবার দোহায় পাকিস্তান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ভিসা ছাড়া কাতারে প্রবেশের ক্ষেত্রে পাকিস্তানিদের নানা রকমের বিধিনিষেধের মুখে পড়তে হতে হতে পারে এবং ইমিগ্রেশন কাউন্টারে ভোগান্তি পোহানোর শঙ্কা রয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, “বর্তমান পরিস্থিতির কারণে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা আপাতত বন্ধ আছে।
“ভোগান্তি এড়াতে কাতারে ভ্রমণের আগে সব পাকিস্তানি যাত্রীকে যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা বলেন, কাতারে রওনা হওয়ার আগে পাকিস্তানিদের জন্য ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক এবং এ বিষযয়ে নতুন ভ্রমণ নির্দেশনাও জারি করা হয়েছে।
কাতারগামী পাকিস্তানি যাত্রীদের হালনাগাদ তথ্য জানা এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসা সেন্টারের সঙ্গে পরামর্শ করার নির্দেশনাও দিয়েছে দূতাবাস।
