২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া জ্যাক স্মিথের বিরুদ্ধে তদন্ত শুরু

এবছর জানুয়ারিতে জ্যাক স্মিথ পদত্যাগ করেন। তার আগে তিনি ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়ায় নেতৃত্ব দিয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া জ্যাক স্মিথের বিরুদ্ধে তদন্ত শুরু
জ্যাক স্মিথ। ছবি:রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 04 Aug 2025, 12:28 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়ছিলেন সাবেক বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তার বিরুদ্ধেই এবার তদন্ত শুরু করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা।

এবছর জানুয়ারিতে জ্যাক স্মিথ পদত্যাগ করেন। তার আগে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ওই ফৌজদারি মামলাগুলোর নেতৃত্ব দিয়েছিলেন। 

বিশেষ কাউন্সেলের কার্যালয় বিবিসি-কে জানিয়েছে, স্মিথের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এব্যাপারে বিস্তারিত আরও কিছু জানায়নি কার্যালয়।

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে ২০২২ সালে নিয়োগ পেয়েছিলেন জ্যাক স্মিথ। 

২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উস্কানি দেওয়া ও সরকারি গোপন নথি ঠিকমত না রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই দুটি ফৌজদারি মামলা হয়েছিল।

তবে ট্রাম্প বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বিশেষ কাউন্সেলের কার্যালয়ের জ্যাক স্মিথের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার কোনও এখতিয়ার নেই। তবে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এবং তদন্তে পাওয়া তথ্য বিচার বিভাগকে পাঠাতে পারে।

স্বাধীন কেন্দ্রীয় সংস্থা হিসাবে বিশেষ কাউন্সেলের কার্যালয়ের প্রধান কাজ হল তদন্ত করা এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের কেন্দ্রীয় আইন ভঙ্গের বিষয়টি তুলে ধরা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম শনিবার জানায়, বিশেষ কাউন্সেলের কার্যালয় হ্যাচ অ্যাক্ট লঙ্ঘনের জন্য জ্যাক স্মিথের বিরুদ্ধে তদন্ত করছে। এই আইনে ফেডারেল কর্মকর্তাদের রাজনৈতিক কার্যকলাপে জড়িত হওয়া নিষিদ্ধ।

বিবিসি জানায়, ২০২৪ সালের নির্বাচনে নজিরবিহীন হস্তক্ষেপের বিষয়ে স্মিথের বিরুদ্ধে বিশেষ কাউন্সেলের কার্যালয়কে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন আরকানস এর রিপাবলিকান সিনেটর টম কটন। তারপরই স্মিথের বিরুদ্ধে তদন্তের এই পদক্ষেপ এল।

ট্রাম্পের বিরুদ্ধে যে দুটো ফৌজদারি মামলা হয়েছিল তার কোনওটিরই বিচার হয়নি। ট্রাম্প গত বছর নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর মামলা দুটির কার্যক্রম বন্ধ করা হয়। 

 বিচার বিভাগের নিয়মকানুনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছিলেন কৌঁসুলিরা।

 ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে দিয়ে বলেছিলেন, হোয়াইট হাউজে বসার ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন তিনি। শেষ পর্যন্ত জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দেন স্মিথ।