১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে: ট্রাম্প

এই প্রণালিতে কোনও জাহাজ বা নৌকা নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিকভাবে সেটি ধ্বংস করা হবে- ইরানকে একথা জানানো হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে: ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 12:24 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ করে রেখেছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে  বলেছেন, “ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই প্রণালিতে কোনও জাহাজ বা নৌকা নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে।”

ইরান ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। 

যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হত।

গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ট্রাম্প প্রায়ই বলে আসছেন হরমুজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে। কিন্তু ইরান এমন সব জাহাজের ওপর গুলি চালিয়েছে যেগুলোর বিরুদ্ধে তাদের (ইরানের) অনুমতি ছাড়া পার হওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।"

হরমুজ প্রণালি বন্ধ করার পাশাপাশি, ইরান ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোসহ পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের বিরুদ্ধেও প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছিল।

যুদ্ধ শেষ করার লক্ষ্যে শান্তি আলোচনার সুবিধার্থে করা একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝে মধ্যেই গুলি বিনিময় হচ্ছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই নতুন নিষেধাজ্ঞা ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাবে বলেই বিশ্বাস করেন ট্রাম্প।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বজায় রাখা যে কোনও দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।