২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজের আগে মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু

এই শীতলীকরণ ব্যবস্থা মূলত দুটি স্টেশনের ওপর নির্ভরশীল। দু’য়ে মিলে বাতাস শীতলীকরণ ক্ষমতা মোট ১৫৫,০০০ টন।

হজের আগে মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু
মক্কার গ্র্যান্ড মসজিদ। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 02 Jun 2025, 12:11 AM

Updated : 26 Aug 2026, 12:50 PM

এবছর সৌদি আরবে আগামী ৪ জুন ১৪৪৬ হিজরির হজকে সামনে রেখে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার নববী মসজিদে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।

এই ব্যবস্থায় মোট ১৫৫,০০০ টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে। হাজিদের স্বস্তি দিতে এটিই বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণ বাতাস শীতলীকরণ ব্যবস্থা।

গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ এবং করিডোরসহ গোটা মসজিদই এই শীতলীকরণের আওতায় থাকবে। গ্রান্ড মসজিদ ও নববী মসজিদের তত্বাবধানে থাকা জেনারেল অথোরিটি এই ব্যবস্থা পরিচালনা করছে।

এই শীতলীকরণ ব্যবস্থা নির্ভর করে মূলত দুটি স্টেশনের ওপর। একটি হচ্ছে, গ্র্যান্ড মসজিদ থেকে ৯০০ মিটার দূরের আল-শামিয়া স্টেশন। এই স্টেশনের বাতাস শীতলীকরণ ক্ষমতা ১২০,০০০ টন।

অপর স্টেশটি হচ্ছে গ্রান্ড মসজিদ থেকে ৫০০ মিটার দূরের আজিয়াদ স্টেশন। এই স্টেশনের বাতাস শীতলীকরণ ক্ষমতা ৩৫,০০০ টন।

গোটা মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিদের জন্য মাঝারি এবং স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এই দুই স্টেশন। বাতাসের মান ঠিক রাখতে এই শীতলীকরণ ব্যবস্থায় দিনে ৯ বার বাতাস বিশুদ্ধ করা হয়।

এই বিশুদ্ধীকরণ প্রক্রিয়ায় অতিবেগুনীরশ্মি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে গ্রান্ড মসজিদ জুড়ে বাতাস ছড়িয়ে পড়ার আগে তা ৯৫ শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায়।

এতে হাজিরা পরিষ্কার এবং নিরাপদ পরিবেশে হজ পালন করতে পারে, বিশেষ করে তীব্র গরমের সময়ে। কর্তৃপক্ষ সবসময়ই এই শতলীকরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে।

গরমের কারণে গত বছর হজ করতে গিয়ে বহু মুসল্লির মৃত্যুর ঘটনায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছিল।  এক হাজারের বেশি হাজির মৃত্যু হয় গতবছর।

অনুমোদন ছাড়া হজে অংশ নেওয়া, তীব্র তাপমাত্রা ও গরমের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া লম্বা দূরত্বে হাঁটার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে।