গাজা থেকে আরেক জিম্মির মৃতদেহ ফেরত পেল ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গাজা সিটির কাছে পাওয়া ওই মৃতদেহটি রেডক্রসের কাছে হস্তান্তর করেছিল হামাসের সশস্ত্র শাখা।
ফিলিস্তিনের ছিটমহল গাজা থেকে হামাসের ফেরত দেওয়া আরেক জিম্মির দেহাবশেষ গ্রহণ করেছে ইসরায়েল।
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গাজা সিটির কাছে পাওয়া ওই মৃতদেহটি রেডক্রসের কাছে হস্তান্তর করেছিল হামাসের সশস্ত্র শাখা।
বেনজামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরায়েলের ফরেনসিক কর্তৃপক্ষ ওই দেহাবশেষের পরিচয় শনাক্ত করবে। যদি এটা কোনো জিম্মির দেহাবশেষ বলে শনাক্ত হয় তাহলে তা হবে গাজা থেকে ফেরত আসা ২২তম ইসরায়েলি জিম্মির মৃতদেহ। এরপর আরও ছয়জন জিম্মির মৃতদেহ ফেরত পাওয়া বাকি থাকবে।
পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় তারা দুইজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
নিহতরা গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত একটি এলাকার দিকে ‘হুমকি সৃষ্টি করার’ মতো করে এগিয়ে যাচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী, জানিয়েছে রয়টার্স।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে এই ফিলিস্তিনি লাকড়ি কুড়াচ্ছিল, ইসরায়েলি সেনারা তাকেও গুলি করে মেরেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ কথিত ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাদের জানা নেই।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি প্রায় প্রতিদিনের সহিংসতা সত্ত্বেও অব্যাহত আছে। এরমধ্যে জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রক্রিয়াও অক্ষুণ্ণ আছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় চলা দুই বছরের ভয়াবহ ধ্বংসাত্মক যুদ্ধের অবসান হয়।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস গাজায় তাদের হাতে বন্দি থাকা জীবিত ২০ জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে। বিপরীতে ইসরায়েলও প্রায় দুই হাজার দণ্ডপ্রাপ্ত ও গাজা যুদ্ধের সময় আটক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। হামাস তাদের হাতে বন্দি থাকা অবস্থায় মৃত ২৮ জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছে; তবে তারা বলছে, টানা ইসরায়েলি হামলায় গাজা ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় মৃত কিছু জিম্মির কবর খুজে পেতে অসুবিধা হচ্ছে।
হামাসের এই ব্যাখ্যা গ্রহণ না করে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির বিরুদ্ধে ‘সময় ক্ষেপণের’ অভিযোগ তুলেছে।
ইসরায়েল মাঝেমধ্যেই গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তাতে অনেক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। কিন্তু তারপরও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় সহিংসতা অনেকটা কমেছে।
এ পরিস্থিতিতে হাজার হাজার ফিলিস্তিনি তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িতে ফেরত এসেছে। পাশাপাশি যুদ্ধের সময়ের তুলনায় গাজায় ত্রাণ সরবরাহও বেড়েছে, তবে তারপরও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে খবর হচ্ছে।
ইসরায়েল গাজার বিভিন্ন শহর থেকে তাদের সেনা সরিয়ে একটি হলুদ সীমানা রেখার পেছনে নিয়ে এসেছে।
