১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলতি বছরে প্রথমবারের মতো লোহিত সাগরে জাহাজ ডুবানোর দাবি হুতিদের

এর মধ্যদিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট লোহিত সাগরে ছয় মাস ধরে চলা শান্ত পরিস্থিতির অবসান ঘটল।

চলতি বছরে প্রথমবারের মতো লোহিত সাগরে জাহাজ ডুবানোর দাবি হুতিদের
হুতিদের হামলার শিকার হওয়ার কয়েকদিন আগে সাগরে মালবাহী জাহাজ ‘ম্যাজিক সিজ’। ছবি: ভ্যাসেল ফাইন্ডার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 12:15 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

লোহিত সাগরে একটি জাহাজে হামলায় চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা। আন্তর্জাতিক জলসীমায় চলতি বছর এটি তাদের প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার হুতিরা জানিয়েছে, রোববার তারা বিস্ফোরক ভরা দূরনিয়ন্ত্রিত নৌকা, রকেট দিয়ে আঘাত হেনে ও গুলিবর্ষণ করে মালবাহী জাহাজটি ডুবিয়ে দিয়েছে। 

জাহাজটির গ্রিক পরিচালনা কোম্পানি স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, তারা স্বতন্ত্রভাবে বিষয়টি যাচাই করতে পারেনি। জাহাজটি ডুবে গেছে কি না, রয়টার্সও তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। 

হতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানান, জাহাজটির ক্রুরা তাদের নৌবাহিনীর সতর্কবার্তা ও কল উপেক্ষা করার পর জলযানটিতে হামলা চালানো হয়। 

তিনি জানান, জাহাজটি ডুবিয়ে দিতে মানুষবিহীন দুটি নৌকা, পাঁচটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ব্যবহার করা হয়। 

পরামর্শক প্রতিষ্ঠান ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশন্স এবং ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রের তথ্য অনুযায়ী, প্রথমে আটটি ছোট বোট থেকে জাহাজটিকে (ম্যাজিক সিজ) লক্ষ্য করে গুলি চালানো হয়, এরপর স্ব-চালিত গ্রেনেড ছোড়া হয়। জাহাজটির সশস্ত্র রক্ষীরা এর জবাব দেয়। 

এর কিছুক্ষণ পর মানুষবিহীন চারটি দূরনিয়ন্ত্রিত নৌকা ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়।  

হুতিরা জানিয়েছে, তারা ডুবে যাওয়া লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ম্যাজিক সিজ’ এর ১৯ নাবিককে জাহাজটি ছেড়ে যাওয়ার অনুমতি দেয়।    

স্টেম শিপিং রয়টার্সকে জানিয়েছে, পাশ দিয়ে যেতে থাকা একটি বাণিজ্যিক জাহাজ সব ক্রুকে উদ্ধার করেছে এবং তাদের জিবুতিতে নামিয়ে দিয়েছে।  

সংযুক্ত আরব আমিরাত সোমবার জানিয়েছে, লোহিত সাগরে ম্যাজিক সিজ হামলার শিকার হওয়ার পর তাদের পাঠানো সাহায্যের আবেদনে সাড়া দেয় এডি পোর্টস গ্রুপের জাহাজ ‘সাফিন প্রিজম’ আর ওই জাহাজে থাকা ২২ জনের সবাইকে সফলভাবে উদ্ধার করে। 

ম্যাজিক সিজে থাকা ওই ২২ জনের মধ্যে ১৯ জন ক্রু ও বাকি তিনজন সশস্ত্র রক্ষী বলে জানিয়েছে আল জাজিরা। 

স্টেম শিপিংয়ের প্রতিনিধি মাইকেল বোডোরোগলু এর আগে জানিয়েছিলেন, হামলার পর ম্যাজিক সিজে আগুন ধরে যায় আর জাহাজটিতে পানি ঢুকছিল, এতে এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কে যাচ্ছিল। 

এক বিবৃতিতে হুতিরা বলেছে, “ফিলিস্তিনের দখলকৃত বন্দরগুলোতে না যাওয়ার জন্য জারি করা নির্দেশ বারবার অমান্য করেছে জাহাজটির (ম্যাজিক সিজ) মালিকানা কোম্পানি। তাই তাদের জাহাজকে লক্ষ্যস্থল করা হয়েছে।” 

ইসরায়েল ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর লোহিত সাগরে জাহাজে হামলার ঘটনাটি ঘটে। এর মধ্যদিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট লোহিত সাগরে ছয় মাস ধরে চলা শান্ত পরিস্থিতির অবসান ঘটল।