মিয়ানমারে প্রথম দফার ভোটগ্রহণ শেষ, ‘প্রহসনের’ নির্বাচন বলে সমালোচনা
পর্যবেক্ষকরা বলছেন, অচলাবস্থা থেকে বেরোনোর পথ খোঁজা চীনের সমর্থনপুষ্ট মিয়ানমার জান্তা সরকার নিজেদের বৈধতা তৈরি করে ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে চাইছে।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচনের তিন দফার মধ্যে রোববার প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে।
তবে দেশজুড়ে চলমান গৃহযুদ্ধ এবং বিরোধীদের বয়কটের মুখে এই নির্বাচন ‘প্রহসন’ বলে ব্যাপকভাবে সমালোচিত ও প্রত্যাখ্যাত হয়েছে।
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর সামরিক সরকার ধাপে ধাপে এ নির্বাচন করছে। ওই অভ্যুত্থানের কারণে ব্যাপক বিরোধিতা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তা গৃহযুদ্ধের রূপ পায়।
পর্যবেক্ষকরা বলছেন, অচলাবস্থা থেকে বেরোনোর পথ খোঁজা চীনের সমর্থনপুষ্ট জান্তা সরকার নিজেদের বৈধতা তৈরি করে ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে চাইছে।
ভোটে বাধা দেওয়া বা বিরোধিতা করার অভিযোগে নতুন একটি আইনের আওতায় ২০০ জনেরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।
রোববার প্রথম দফা ভোট গ্রহণ চলাকালে বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণ ঘটা এবং বিমান হামলা চলার খবর পাওয়া গেছে। মান্দালয় এলাকায় সকালের দিকে একটি জনশূণ্য বাড়িতে রকেট হামলা হয়েছে।
এতে তিন জন আহত হয় বলে বিবিসি-কে জানিয়েছেন অঞ্চলটির মুখ্যমন্ত্রী। এর আগে শনিবারও থাই সীমান্তের কাছে মায়াবতী শহরের ১০ টিরও বেশি বাড়িতে দফায় দফায় বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা ঘটে।
মিয়ানমার জান্তা সরকার নির্বাচন নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করেছে। দেশকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা কাজ করছে বলে দাবি তাদের।
রাজধানী ইয়াঙ্গনে কড়া নিরাপত্তাধীন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর জান্তা প্রধান মিন অং হ্লায়িং বিবিসি-কে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তিনি বলেন, “আমি সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ। আমি বলতে পারি না যে আমি প্রেসিডেন্ট হতে চাই। ভোট হবে তিন পর্যায়ে।”
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রু রোববার আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈধ কোনওকিছু এই নির্বাচন থেকে বেরিয়ে আসবে না।
এই নির্বাচনকে ‘বন্দুকের মুখে রঙ্গমঞ্চস্থ এক প্রহসন’ বলে মন্তব্য করেছেন অ্যান্ড্রু। তিনি বলেন, জান্তা যখন বেসামরিক মানুষের ওপর বোমা ফেলছে, রাজনৈতিক নেতাদের কারারুদ্ধ করছে এবং সব ধরনের ভিন্নমতকে অপরাধ বলে গণ্য করছে, তখন এই নির্বাচন কোনও সমাধান নয়।
নির্বাচনের পরবর্তী দুই ধাপ আগামীবছর ১১ এবং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলাফল পাওয়া যেতে পারে মাস শেষে।
রোবার প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। কর্মকর্তারা জানান, নিবন্ধিত ভোটারদের মাত্র এক-তৃতীয়াংশ ভোট দিয়েছেন। ফলে বহু মানুষ ভোট দেয়নি বলেই ধারণা করা হচ্ছে।
বাকি ধাপের নির্বাচনের দেশের অর্ধেক অংশেই তেমন কোনও ভোট পড়বে না বলে মনে করা হচ্ছে। এমনকি শহরাঞ্চলেও না। সব নির্বাচনি আসনেও ভোট হবে না। ফলে নির্বাচনের ফল কি হবে তা আগে থেকে বলা মুশকিল।
