২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোলামেলা পোশাকে মেয়ের বিয়ে, ইরানে সমালোচনার ঝড়ে খামেনির আস্থাভাজন শামখানি

হিজাব বিধির সমর্থক এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ কট্টরপন্থি কর্মকর্তার মেয়ের বিয়ে পশ্চিমা ধাঁচে হওয়ার ভিডিও নিয়ে তোলাপাড় ইরানে।

খোলামেলা পোশাকে মেয়ের বিয়ে, ইরানে সমালোচনার ঝড়ে খামেনির আস্থাভাজন শামখানি
অনলাইনে ছড়িয়ে পড়া অ্যাডমিরাল আলি শামখানির মেয়ের বিয়ের ভিডিও।  ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 11:00 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ইরানে নারীদের জন্য কড়া পোশাকবিধি আছে। দেশটিতে সবখানেই নারীদের হিজাব পরার নিয়ম না মানলে কড়া শাস্তিও হয়। কিন্তু এই পোশাকবিধি কি কেবল ইরানের সাধারণ নারীদের জন্য? ক্ষমতাবলয়ে যাদের অবস্থান, তারা কি এর ঊর্ধ্বে? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইরানের এক বিয়ের ভিডিও থেকে  সে প্রশ্নই উঠে এসেছে।

এই বিয়ের ভিডও ইরানের কোনও সাধারণ নারীর নয়। তিনি ইরানের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার অন্যতম ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ আস্থাভাজন অ্যাডমিরাল আলি শামখানির মেয়ে। 

শামখানি ইরানে নারীদের ওপর কঠোর ইসলামিক নিয়মবিধি চাপানোর পক্ষে সোচ্চার ছিলেন এবং এসব নিয়মের বিরুদ্ধে বিক্ষোভও সহিংস পন্থায় দমনের নির্দেশও দিয়েছিলেন।

খামেনির ঘনিষ্ঠ সেই কট্টরপন্থি সামরিক কর্মকর্তার মেয়ের বিয়েই পশ্চিমা ধাঁচে হওয়ার ভিডিও নিয়ে তাই ইরানজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

‘নিউ ইয়র্ক টাইম্‌স’ জানায়, গত এপ্রিলে বিয়ের সময়ে তোলা ওই ভিডিওটি ফাঁস হয় গত শনিবার। তারপর নিমেষে তা ভাইরাল হয়ে যায়। 

ভিডিওতে দেখা গেছে, মেয়ে সেতায়েশকে নিয়ে একটি করিডোর দিয়ে বিয়ের হলের দিকে যাচ্ছেন অ্যাডমিরাল শামখানি। শামখানির পরনে স্যুট। 

তবে ইরানে যেখানে সাধারণ নারীদের মাথায় হিজাব এবং শালীন পোশাক পরা বাধ্যতামূলক, সেখানে কনের পোশাক তেমন ছিল না। 

সেতায়েশের পরনে ছিল সাদা রঙের একটি পশ্চিমা ধাঁচের বিয়ের পোশাক। সেটি ছিল খোলামেলা পোশাক, যাতে কনের কাঁধ এবং সামনের অনেকটা অংশই খালি ছিল।মাথায়ও ছিল না কোনও হিজাব।

শামখানির স্ত্রীকেও দেখা গেছে ভিডিওতে। তিনিও পরে ছিলেন নীল রঙা একটি পশ্চিমা ধাঁচের পোশাক। তারও মাথায় হিজাব ছিল না। পিঠ এবং পাশের অংশ ছিল খোলা।

ভিডিওতে অন্য যে নারীদের দেখা গেছে, তারাও কেউ হিজাব পরা ছিলেন না। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পডোর পরই ইরানজুড়ে আলোড়ন পড়ে গেছে।

খামেনির নেতৃত্বে কট্টরপন্থি ইসলামি শাসনব্যবস্থা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। শামখানির মেয়ের বিয়ে ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়।

সমালোচকরা খামেনির শাসনব্যবস্থার দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। তারা বলছেন, যে দেশে হিজাব বাধ্যতামূলক এবং শালীন পোশাকের আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, সেখানে পশ্চিমা ধাঁচের বিয়েতে কনে ও তার মায়ের খোলামেলা পোশাক বেমানান। 

ইরানের নির্বাসিত মানবাধিকারকর্মী মাসিহ আলিনেজাদ এক্স বার্তায় লিখেছেন, “ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একজন আলি শামখানির মেয়ের বিয়েতে খোলামেলা পোশাক পরে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। অথচ এখনও ইরানে নারীদের চুল দেখানোর জন্য মারধর করা হয় এবং তরুণদের বিয়ে করার সামর্থ্য নেই।” 

আলিনেজাদ উল্লেখ করেন যে, “ভিডিওটি লাখো ইরানিকে ক্ষুব্ধ করেছে। কারণ, খামেনির শাসনব্যবস্থা নিজেদের ছাড়া আর সবার ওপর গুলি, লাঠি চালিয়ে এবং জেল দিয়ে ইসলামি মূল্যবোধ চাপিয়ে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “খামেনির প্রধান উপদেষ্টা প্রাসাদের মতো একটি স্থানে তার মেয়ের বিয়ে উদযাপন করেছেন। যে সরকার মাশা আমিনিকে কেবল চুল দেখানোর জন্য হত্যা করেছিল, গান গাওয়ার জন্য নারীদের জেলে পাঠিয়েছিল, যারা মেয়েদের ভ্যানে টেনে নিয়ে যাওয়ার জন্য ৮০ হাজার নৈতিকতা পুলিশ মোতায়েন করেছিল, তারাই বিলাসবহুল এই পার্টির আয়োজন করেছে।

“এটি ভণ্ডামি নয়, এটি সিস্টেম। তারা শালীনতার প্রচার চালায়, অথচ তাদের নিজেদের মেয়েরা ডিজাইনার পোশাক পরে বেড়ায়। বার্তাটি এর চেয়ে আর স্পষ্ট হতে পারে না যে: নিয়মগুলো সাধারণ মানুষের জন্য, তাদের জন্য নয়।’ 

ইরানের সংস্কারপন্থি সংবাদপত্র ‘শার্গ’ সোমবার প্রথম পাতায় শামখানির একটি ছবি-সহ ‘কলঙ্কে চাপা পড়েছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

‘নিউ ইয়র্ক টাইম্স’ জানায়, ইরানে শামখানির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শামখানি বর্তমানে নবগঠিত একটি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে খামেনির প্রতিনিধি।

তেহরানের সব সরকারি পদ থেকে শামখানির পদত্যাগের দাবি উঠেছে। জনসম্মুখে তাকে ক্ষমা চাইতে হবে এমন দাবিও শোনা যাচ্ছে।

ইরানি সাংবাদিক আমির হোসেন মোসাল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “শামখানির মেয়ের ভিডিও প্রমাণ করে, শাসক কর্তৃপক্ষের নিজেদেরই তাদের নিজস্ব আইনের ওপর কোন বিশ্বাস নেই যা তারা সমর্থন করে, তারা কেবল মানুষের জীবন দুর্বিষহ করে তুলতে জানেন।”