অল্পের জন্য তেজস্ক্রিয় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বিশ্ব: জেলেনস্কি
তিনি জানান, শুধু ব্যাক-আপ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদে পরিচালনা করা সম্ভব হয়েছে।
ইউক্রেইনের জাতীয় পাওয়ার গ্রিড থেকে রুশ বাহিনীর দখলে থাকা জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় ইউরোপ একটি তেজস্ক্রিয় বিপর্যয়ের সম্ভবনার মুখোমুখি হয়েছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি জানান, শুধু ব্যাক-আপ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদে পরিচালনা করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার জেপোরোজিয়ার কাছে গোলা হামলায় সৃষ্ট অগ্নিকাণ্ডের কারণে উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনক্ষতিগ্রস্ত হয়, এতে বিদ্যুৎ কেন্দ্রটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইউরোপের এই বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটির কাছে চলা লড়াই নিয়ে সৃষ্ট উদ্বেগ ক্রমাগত বাড়ছে বলে বিবিসি জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, “সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ডিজেল জেনারেটরগুলো যদি চালু না হত, যদি এই স্বয়ংক্রিয় পদ্ধতি এবং বিদ্যুৎ কেন্দ্রটির আমাদের কর্মীরা সক্রিয় না হতেন তাহলে আমাদের ইতোমধ্যে তেজস্ক্রিয় দুর্ঘটনার পরিণতি মোকাবেলা করতে হতো।”
ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে সংযুক্ত লাইনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জাপোরিজিয়া কিছুক্ষণের জন্য জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই কেন্দ্রের ইতিহাসে এটিই এ ধরনের প্রথম ঘটনা।
“এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি সক্রিয় ইউনিট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে,” বলেছেন কিইভের কর্মকর্তারা।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করে বলেছে, “পারমাণবিক সুরক্ষার জন্য গ্রিড থেকে নিরাপদ অফ-সাইট বিদ্যুৎ সরবরাহ রাখা অপরিহার্য।”
বুধবার স্যাটেলাই থেকে নেওয়া ছবিতে দেখা গেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কাছেই ব্যাপক আগুন জ্বলছে।
বিদ্যুৎ কেন্দ্রটির এই ক্ষয়ক্ষতির জন্য রাশিয়ার গোলাবর্ষণকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জেলনস্কি। ইউক্রেইন ও ইউরোপকে ‘বিপর্যয়ের মুখে’ নিয়ে যাওয়ার জন্য মস্কোকে দায় দিয়েছেন তিনি।
কিন্তু রাশিয়ার নিয়োগ করা স্থানীয় গভর্নর ইয়েভানু বলেৎস্কি ওই হামলার জন্য ইউক্রেইনের সামরিক বাহিনীকে দায়ী করেছেন আর তাতেই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করেছেন।
তবে ওই হামলার জন্য কারা দায়ী বিবিসি তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার জাপোরিজিয়া পারমাণবিক কমপ্লেক্সের প্রধান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সত্ত্বেও আশপাশের তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক আছে।
