২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের অপ্রিয় পাত্রকে প্রেসিডেন্ট বানাল তাইওয়ান, এরপর কী?

তাইওয়ানের নির্বাচনে জয়ী উইলিয়াম লাই কীভাবে চীনকে সামলান কিংবা চীন তাকে কীভাবে নেয়- মূলত এর ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে লাইয়ের প্রেসিডেন্সি।

চীনের অপ্রিয় পাত্রকে প্রেসিডেন্ট বানাল তাইওয়ান, এরপর কী?

ছবি:রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 04:56 PM

Updated : 14 Jan 2024, 05:14 PM

চীন যাকে আখ্যা দিয়েছে ‘সমস্যা সৃষ্টিকারী’ কিংবা ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী,’ এখন তিনিই হবেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখন্ডের অংশ হিসাবেই দেখে। তাইওয়ান নিয়ে চীনের এ দাবি নতুন নয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে আবার একীভূত করে নেওয়ার বিষয়টিকে তার লক্ষ্যে পরিণত করেছেন। গত একবছরে এই হুমকি অনেকটাই বেড়েছে।

তাইওয়ানে এবারের নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টিকে (ডিপিপি)- ভোট না দিতে চীনের বারবার হুমকি দিয়েছে। তারপরও শনিবার উষ্ণ ও রৌদ্রজ্বল আবহাওয়ায় তাইওয়ানের লাখ লাখ মানুষ ভোটকেন্দ্রে গেছে।

ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে সেই ডিপিপি’রই প্রার্থীকে। চিকিৎসক থেকে রাজনীতিবিদ হওয়া ৬৪ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে মানুষ বেছে নিয়েছে তাইওয়ানকে নেতৃত্ব দেওয়ার জন্য।

এ জয়ে নজিরবিহীনভাবে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসছে ডিপিপি, যে দলটিকে চীন তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা দল হিসাবেই দেখে।

এখন নির্বাচনে জয়ী উইলিয়াম লাই কীভাবে চীনকে সামলান কিংবা চীন তাকে কীভাবে নেয়- মূলত এর ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে লাইয়ের প্রেসিডেন্সি বা শাসনামল।

সাই ৩.০ নাকি এক নতুন সূচনা?

লাই তার মেয়াদ পূর্বসূরি সাই ইং-ওয়েনের আট বছরের শাসনের ধারাবাহিকতাই হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকী শনিবার ভাষণে তিনি বেশ সতর্ক হয়েই কথা বলেছেন এবং সংলাপ ও সহযোগিতার ডাক দিয়েছেন।

নির্বাচনী প্রচারে পূর্বসূরি সাই ইং-ওয়েনের ফরমূলাই পুনর্ব্যক্ত করে লাই বলেছেন- ‘স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। কারণ তাইওয়ান ইতোমধ্যেই একট স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র- এর নাম ‘চীন প্রজাতন্ত্র-তাইওয়ান’।

যদিও সতর্ক ধাঁচের প্রেসিডেন্ট সাইয়ের চেয়ে লাই অনেক বেশী জ্বালাময়ী ধাঁচের বলেই বিবেচনা করা হয়। তিনি ডিপিপি দলের পদমর্যাদায় উঠে এসেছিলেন ‘নিউ ওয়েভ’ উপদলের সদস্য হিসেবে, যারা তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পক্ষে সোচ্চার।

লাই ও তার রানিং মেট সিয়াও বি-খিম দুজনই চনের কাছে অত্যন্ত অপছন্দের ও অবিশ্বস্ত ব্যক্তি। দুইজনের ওপরই চীনা মূল ভূখণ্ড এবং হংকং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে চীন। সিয়াও এর বাবা তাইওয়ানিজ এবং মা আমেরিকান। সম্প্রতি সিয়াও যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রতিনিধি হয়েছিলেন।

সেকারণে চীন নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় যাবে তেমন সম্ভাবনা নেই। ২০১৬ সাল থেকে আনুষ্ঠানিক কোন যোগাযোগও নেই চীন ও তাইওয়ানের মধ্যে। তাইওয়ান মূল চীনের অংশ-একথা মেনে নিতে সাই ইং ওয়েন অস্বীকৃতি জানানোর কারণে চীন ক্ষুব্ধ হয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

শনিবারে তাইওয়ানে ভোটের রায়ে স্বাধীনতার পক্ষের প্রার্থীর জয়ের আরেকটি মানে হচ্ছে, ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ তাইওয়ান প্রণালীতে উত্তেজনা চলতেই থাকা এবং প্রতিদিনই চীনা জাহাজ ও সামরিক বিমানের অনুপ্রবেশ ঘটতে থাকা।

চীন সামরিক শক্তি জাহির করে তাদের অসন্তুষ্টির সংকেত দিতে পারে। যেমনটি তারা করেছিল ২০২২ সালে তৎকালীন মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের সময়। আর কেবল সামরিক শক্তি প্রদর্শনই নয়, চীন অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপও বাড়াতে পারে।

তাইওয়ানের বিভিন্ন কোম্পানি, পণ্য ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও দিতে পারে। ফলে চীনের সামরিক বাহিনীকে মোকাবেলার জন্য লাইয়ের কৌশল হবে সাই ইং ওয়েন যা করে গেছেন তা অনুসরণ করা।

উইলিয়াম লাই তাইওয়ানের সামরিক বাহিনীর জন্য আরও ব্যয়, সাবমেরিন তৈরির কর্মসূচি চালু রাখা এবং যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। আর সাই বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন।

তবে লাইয়ের শাসনামল নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা উদ্বিগ্ন থাকতে পারে। কারণ, লাইয়ের স্বাধীনতা-পন্থি রাজনৈতিক পটভূমির কারণে তার শাসনামল আরও উস্কানিমূলক হতে পারে বলে শঙ্কা আছে।

যদিও তার রানিং মেট সিয়াও যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জন্য অনেকটা ভরসা জোগাবে। কারণ, লাই চীনকে কোনও উস্কানি দেবেন না বলে বিশ্বাস করা যায়- এ ব্যাপারে সিয়াও হয়ত যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখতে পারেন।

‘শি জিনপিংয়ের চুপ থাকতে শেখা প্রয়োজন’:

লাই যতই সতর্কতার সাথেই খেলুন না কেন তাইওয়ানের নির্বাচনে তার জয় যে বার্তা দিয়েছে তা চীন উপেক্ষা করতে পারে না। জরিপ বলছে, প্রতিযোগিতা ছিল হাড্ডাহাড্ডি। কিন্তু ডিপিপি জিতেছে অপ্রত্যাশিতরকমের বড় ব্যবধানে।

নির্বাচনের ফল সুষ্পষ্ট হওয়ার পর ডিপিপি’র এক যুব সমর্থক বিবিসি-কে বলছিলেন, “তারা চীনকে বলছেন যে, আমরা আর তোমাদের কথা শুনব না। আমাদের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব। সুতরাং, আমাদের নির্বাচনের সময় শি জিনপিংয়ের চুপ থাকতে শেখা প্রয়োজন।”

তাইওয়ানের বিরোধীদলীয় প্রার্থী হউ ইউ-ই এবং প্রধান বিরোধীদল কেএমটি তাদের প্রচারে যে আতঙ্কের বিষয়টি তুলে ধরেছে তা হল, চীন তাইওয়ানে আক্রমণ করতে পারে। কেএমটির জয় হলে চীন হয়ত তাইওয়ানের বিরুদ্ধে হম্বিতম্বি এবং সামরিক ভয়ভীতি প্রদর্শন কমাত। সেইসঙ্গে হউ ইউ-ই’র সঙ্গে চীন হয়ত তখন আলোচনাতেও রাজি হত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানে কেএমটির সবশেষ প্রেসিডেন্ট মা ইং জেও এর সাথে সাক্ষাৎ করেছিলেন ২০১৫ সালে। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের পর সেটিই ছিলো চীন ও তাইওয়ানের নেতাদের মধ্যে মুখোমুখি প্রথম সাক্ষাৎ।

তবে কেএমটির বিরোধিতাকারীদের অভিযোগ হল, দলটি চীনের কাছে আত্মসমর্পণকারীর মতো আচরণ করে এবং তাইওয়ানের প্রতিরক্ষাকে গুরুত্ব দেয় না। প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি আটকে দেয় এবং সামরিক সেবা কমিয়ে দেয়।

ফলে কেএমটি সরকার তাইওয়ানকে আরও বেশি অরক্ষিত করে ফেলতে পারে বলে আশঙ্কা আছে। আর যুক্তরাষ্ট্রের মতো সহযোগী দেশগুলোও তখন প্রশ্ন তুলতে পারে যে, তাইওয়ান যেখানে নিজেই তাদের প্রতিরক্ষাকে গুরুত্ব দেয় না, সেখানে তারা কেন এগিয়ে আসবে? তাইওয়ানের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধই বা কেন থাকবে?

তাইওয়ান এখন জিডিপির আড়াই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। যা দক্ষিণ কোরিয়ার মতো ওই অঞ্চলের অন্য দেশগুলো বা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।

এসমস্ত কারণে এবারে ভোটাররা বেশ স্পষ্ট রায়ই দিয়েছে। তারা চীনের দিক থেকে আসা সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন ছিল এবং তারা চায় সংলাপ চেয়েছে। কেএমটি অবশ্য তাইওয়ানের তরুণ ভোটারদের কাছে কোন আবেদনই করেনি, যারা নিজেদের চীনা না ভেবে তাইওয়ানি ভাবতে পছন্দ করে।

ওদিকে, ডিপিপি নির্বাচনে জয় পেলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, বাড়ির দাম বেড়ে যাওয়া, বেতন না বাড়ানো এবং চাকরির সুযোগ কমে যাওয়ার কারণে ডিপিপি’র ওপর থেকেও অনেক তরুণ ভোটার মুখ ফিরিয়ে নিয়েছে।

ফলে এখন কেএমটি এবং তৃতীয় আরেকটি দল তাইওয়ান পিপলস পার্টি মিলে জোট হলে লাইয়ের কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তাই সামনের চার বছর মেয়াদ লাইয়ের জন্য খুব একটা নির্বিঘ্ন হবে না বরং কঠিনই হবে বলা যায়।

চীনের সঙ্গে বাণিজ্যসেবা চুক্তি এগিয়ে নিতে চাওয়া একটি বিরোধীদল এবং বেইজিংয়ের সামরিক পদক্ষেপের চিরাচরিত হুমকি দুই-ই মোকাবেলা করে চলতে হবে উইলিয়াম লাইকে।

বিরোধীদল কেএমটি এবং তাইওয়ান পিপলস পার্টি দুইই চীনের সঙ্গে ট্রেড সার্ভিসেস প্যাক্ট নতুন করে শুরু করতে আগ্রহী। এই দুই দলকে সামাল দেওয়া ছাড়াও বিশ্বের অন্য অংশে আরেকটি নির্বাচনের ওপরই নির্ভর করবে তার শাসন আমল কেমন যাবে সেটি।

যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে এবছরই। ফলে হোয়াইট হাউজে যদি আবার ডনাল্ড ট্রাম্প ফিরে আসেন, তাহলে তার মতো খুবই ভিন্ন ধরনের একজন মিত্রকে পাওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইকে।