২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অধীনে জারি করা নির্বাহী আদেশে সুনির্দিষ্ট কোনও দেশের নাম বা শুল্কের হার উল্লেখ করেননি ট্রাম্প। তবে কিউবা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
হাভানা বে তে তেল ট্যাংকার। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 04:51 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

কমিউনিস্ট শাসিত কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক নির্বাহী আদেশে সই করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করবে, সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অধীনে জারি করা এই আদেশে সুনির্দিষ্ট কোনও দেশের নাম বা শুল্কের হার উল্লেখ করা না হলেও, এর ফলে মেক্সিকো ও রাশিয়ার মতো দেশগুলো বাণিজ্যিক ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটে জানানো হয়েছে, কিউবা সরকার রাশিয়া, ইরান, হামাস ও হিজবুল্লাহর মতো ‘শত্রু পক্ষ’গুলোর সঙ্গে সম্পর্ক রাখায় মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকার এর তীব্র নিন্দা জানিয়েছে। হাভানা সতর্ক করে বলেছে, এই আদেশের ফলে দেশটির বিদ্যুৎ উৎপাদন, কৃষি, পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পুরোপুরি অচল হয়ে পড়তে পারে। 

কিউবা সরকার এক বিবৃতিতে একে ‘কিউবান জনগণের ওপর পরিকল্পিত গণহত্যা’র প্রচেষ্টা হিসেবে অভিহিত করে বলেছে, “মার্কিন সরকার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে শ্বাসরুদ্ধ করতে চাইছে।” 

এদিকে, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই পদক্ষেপকে ‘নৃশংস আগ্রাসন’ ও ‘আন্তর্জাতিক দস্যিপনা’ বলে আখ্যা দিয়েছেন।

চলতি মাসের শুরুতে এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর বন্দি করার পর থেকেই ট্রাম্প কিউবার ওপর আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। 

এককালে কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা, তবে মাদুরোর পতনের পর থেকে দেশটিতে তেল বা অর্থ পাঠানো সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন, “ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না, একদম শূন্য। কিউবা খুব শীঘ্রই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”

রয়টার্সের তথ্যমতে, ভেনেজুয়েলা থেকে সরবরাহ বন্ধ হওয়ার পর মেক্সিকো কিউবার প্রধান তেল সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছিল। তবে ওয়াশিংটনের শুল্কের ভয়ে মেক্সিকো এখন তাদের এই নীতি পর্যালোচনার কথা ভাবছে। 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম চলতি সপ্তাহে জানিয়েছেন, মেক্সিকোর রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পেমেক্স’ সাময়িকভাবে কিউবায় তেল পাঠানো স্থগিত করেছে। 

যদিও তিনি একে চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত নয় বরং একটি ‘সার্বভৌম সিদ্ধান্ত’ বলে দাবি করেছেন। বর্তমানে কিউবায় তেলের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকট দেখা দিয়েছে। 

এই নতুন শুল্ক নীতি কার্যকর হলে দ্বীপরাষ্ট্রটি পুরোপুরি অর্থনৈতিক ধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।