১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর এটিই প্রথম কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা।

‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত
কুয়েতের আল জাহরার আকাশ থেকে নিচে পড়ছে একটি জ্বলন্ত যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 08:11 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

সোমবার সেন্টকম এ তথ্য নিশ্চিত করে বলেছে, ঘটনাটি মিত্রপক্ষের গুলিতে ঘটা দুর্ঘটনা (ফ্রেন্ডলি ফায়ার)।

সেন্টকম জানায়, বিধ্বস্ত তিনটি বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হল। এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার সময় সক্রিয় যুদ্ধাবস্থায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে।”

কুয়েত সরকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে এবং এর কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স কুয়েতের আল জাহরা এলাকায় ধারণ করা একটি ভিডিও যাচাই করেছে, যেখানে সোমবার ভোরে একটি মার্কিন যুদ্ধবিমান আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। ভিডিওতে একজনকে প্যারাসুট নিয়ে নিচে নামতেও দেখা গেছে।

ওদিকে, রয়টার্স/ইপসোস-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র এক-চতুর্থাংশ মার্কিন নাগরিক ইরানে এই হামলার সমর্থন করছেন। জরিপে অংশগ্রহণকারীরা মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও রোববার সতর্ক করে বলেছিলেন যে, হামলা অব্যাহত থাকলে মার্কিন সেনা হতাহতের সংখ্যা বাড়তে পারে। 

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা যুক্তরাষ্ট্রে ইরানে হামলার পক্ষে জনসমর্থন আরও কমিয়ে দিতে পারে।