২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, এখনও নিখোঁজ ১২

মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, এখনও নিখোঁজ ১২
উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 08:15 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ইন্দোনেশিয়ায় মধ্য জাভা প্রদেশে টানা ভারি বৃষ্টির পর ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। 

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে, মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে। লোকজন তিন থেকে আট মিটার মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি রয়টার্সকে বলেছেন, “১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গতকাল (শুক্রবার) তিনটি এবং আজ (শনিবার) আরও আটটি মৃতদেহ পাওয়া গেছে। ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন।”  

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বুদি ইরাওয়ানকে উদ্ধৃত করে আন্তারা জানায়, “আমরা আরও তিনটি মরদেহ উদ্ধার করেছি। এখনো ১৭ জন নিখোঁজ। আমরা সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স 

উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন

দক্ষিণ গোলার্ধের দেশ ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এখানে সেপ্টেম্বর থেকে বর্ষাকাল শুরু হয়ে পরের বছরের এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় অতিপ্রবল বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি বিরাজ করে। 

জানুয়ারিতে মধ্য জাভার পেকালংগান শহরে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আরেকটি ভূমিধসের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। 

১৭ হাজারের মতো ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষ হয় পাহাড়ি এলাকা নয়তো বন্যাপ্রবণ উর্বর সমতলে বসবাস করে। দেশটির আবহাওয়া সংস্থা কয়েকদিন আগেই পরবর্তী সপ্তাহগুলোতে বেশ কিছু অঞ্চলে তুমুল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের ঝড়ের গতিপ্রকৃতি ও মৌসুমের দৈর্ঘ্য বদলে গেছে। যে কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে প্রায়ই হঠাৎ ভারি বৃষ্টিপাত, বন্যা, দমকা বাতাসের দেখা মিলছে।

এ মাসের শুরুর দিকেও দেশটির দুর্গম পাপুয়া অঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়, তারপর থেকে এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন।