২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় কেউ অনাহারে নেই- দাবি নেতানিয়াহুর, মানতে নারাজ ট্রাম্প

গাজার অস্থিচর্মসার মানুষের যেসব ছবি সামনে আসছে সেগুলোর কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, “ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে।”

গাজায় কেউ অনাহারে নেই- দাবি নেতানিয়াহুর, মানতে নারাজ ট্রাম্প
গাজায় ত্রাণ ঢুকলেও তা অপ্রতুল, বলছে জাতিসংঘ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজায় কেউ অনাহারে নেই। কিন্তু এই দাবি খারিজ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ বাস্তবিকই অনাহারে আছে।

জাতিসংঘ একদিন আগেই গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, সেখানকার তিনটি অঞ্চলে কিছু সময়ের জন্য মানবিক বিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে, তা মোটেই পর্যাপ্ত নয়। 

কিন্তু এর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, গাজায় কেউ না খেয়ে নেই। সেখানে মানুষকে অনাহারে রাখার কোনও নীতিও ইসরায়েল নেয়নি।

তিনি বলেন, যুদ্ধ চলার পুরো সময়টাতেই ইসরায়েল মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিয়েছে। না হলে গাজায় এখন কোনও মানুষই থাকত না। হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন নেতানিয়াহু। 

তিনি বলেন, ইসরায়েল মানবিক বিরতি দিচ্ছে, ত্রাণ করিডোর চালু রেখেছে। ফলে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করার ক্ষেত্রে জাতিসংঘ আর কোনও অজুহাত দেখাতে পারে না। “অজুহাত খোঁজা বন্ধ করুন, মিথ্যা বলা বন্ধ করুন। আপনাদের যা করার তা করুন,” বলেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহু গাজায় কারও না থাকার যে দাবি করেছেন, তার সঙ্গে একমত হতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প। তিনি বলেন, “গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুরা ক্ষুধার্ত।” 

ইসরায়েলের কারণে গাজায় অনাহার বাড়ছে এমন কথা বলাটা সবৈর্ব মিথ্যা কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি জানি না।”

গাজার অস্থিচর্মসার মানুষের যেসব ছবি সামনে আসছে সেগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে...সেখানে মানুষ সত্যিই অনাহারে আছে।”

স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “গাজায় ভাল কিছু কেই করেনি। গোটা অঞ্চলটাই জগাখিচুড়ি হয়ে আছে। আমি ইসরায়েলকে বলেছি তাদেরকে হয়ত একটু ভিন্নভাবে কাজ করতে হবে।”

ইসরায়েলের ওপর অনেক বেশি দায়িত্ব বর্তায় উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা অনেক মানুষকেই বাঁচাতে পারি। মানে আমি বলছি ওই শিশুদের অনেককে। সেখানে সত্যিই অনাহার আছে। আমি দেখতে পাচ্ছি। আপনি এটাকে ভুয়া বলতে পারেন না। সুতরাং আমাদেরকে এ বিষয়টি নিয়ে আরও বেশি কাজ করতে হবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার জানায়, কেবল এ মাসেই গাজায় অনাহারে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২৪ শিশু রয়েছে। 

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে নেতানিয়াহু সরকার রোববার জানায়, তারা তিনটি এলাকা— গাজা সিটি, দেইর আল-বালা এবং মুয়াসিতে প্রতিদিন ১০ ঘণ্টা করে অভিযান বন্ধ রাখবে। 

ওই সময় ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হবে জনবহুল অঞ্চলগুলোতে। এরপরে সড়কপথে এবং আকাশপথে গাজায় ত্রাণ সরবরাহ হলেও তা  একেবারেই পর্যাপ্ত নয় বলেছে জাতিসংঘ।

এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে জাতিসংঘের অভিযোগই সমর্থন করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।