চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে ট্রাম্পের অনুরোধ
চলতি সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে এক ফোনালাপে চীন ও জাপান প্রসঙ্গ নিয়ে কথা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে চলমান উত্তেজনা আর না বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অনুরোধ জানিয়েছেন। এ সপ্তাহে তাকাইচির সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই অনুরোধ জানান।
বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তারা বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বিরতির নাজুক ভারসাম্য ধরে রাখতে চাইছেন ট্রাম্প।
এ মাসের শুরুতে পার্লামেন্টে বক্তৃতায় তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক হামলা চালিয়ে বসে আর তা যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে এর পাল্টায় জাপানের সামরিক প্রতিক্রিয়া জানানোটা ন্যায়সঙ্গত হতে পারে।
এই মন্তব্যকে কেন্দ্র করে কয়েক বছরের মধ্যে চীনের সঙ্গে জাপানের সবচেয়ে বড় কূটনৈতিক সংকট দেখা দিয়েছে। মন্তব্যে ক্ষুব্ধ চীন তাদের নাগরিকদেরকে জাপান ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।
জাপানের দুই সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে গত মঙ্গলবারের ফোনালাপে ট্রাম্প বলেন, তিনি আর কোনও উত্তেজনা দেখতে চান না।
তবে তিনি তাকাইচির প্রতি কোনও নির্দিষ্ট দাবি তোলেননি, এমনকি চীনের মতো মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথাও বলেননি। জাপানের রাজধানী টোকিও আগেই বলেছে, তার মন্তব্য দীর্ঘমেয়াদি নীতিরই প্রতিফলন।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা “কূটনৈতিক বিনিময়ের” বিস্তারিত নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপটি হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের আলাপের পর।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া জানায়, প্রেসিডেন্ট শি বলেছেন, তাইওয়ানের চীনে ফিরে যাওয়া বেইজিংয়ের বিশ্বব্যবস্থার দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় বিষয়।
তবে তাইওয়ান গণতান্ত্রিকভাবে পরিচালিত, আর তারা এই দ্বীপের ওপর চীনের সার্বভৌমত্বর দাবি প্রত্যাখ্যান করে।
ট্রাম্প আগামী এপ্রিলে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি প্রকাশ্যে বলেননি যে, কথোপকথনে তাইওয়ান প্রসঙ্গ এসেছে কি না; বরং তিনি বলেন, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের সম্পর্ক “অত্যন্ত শক্তিশালী”, এবং একটি বিস্তৃত বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভাল। এটা জাপানের জন্যও ভালো—যে আমাদের ঘনিষ্ঠ মিত্র। আমরা জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং আরও অনেক দেশের সঙ্গে দারুণ বাণিজ্যচুক্তি করেছি, এবং বিশ্ব এখন শান্ত। আমরা চাই, এটাই বজায় থাকুক।”
টোকিওতে বহুদিন ধরেই শঙ্কা—চীনের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে গেলে ট্রাম্প তাইওয়ানের প্রতি সমর্থনে নরম হতে পারেন; এতে বেইজিং আরও সাহসী হয়ে উঠবে এবং সামরিকীকরণ বাড়তে থাকা পূর্ব এশিয়ায় সংঘাত বাড়বে।
সোফিয়া ইউনিভার্সিটির যুক্তরাষ্ট্র-রাজনীতি বিশেষজ্ঞ কাজুহিরো মায়েজিমা বলেন, “ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। এই সম্পর্ক সামলাতে জাপানকে সবসময়ই হাতিয়ার বা দর-কষাকষির ‘চাল’ হিসেবে দেখা হয়।”
টোকিওতে উদ্বেগ বাড়াচ্ছে ট্রাম্পের নীরবতা:
চীনের সঙ্গে জাপানের উত্তেজনা বাড়লেও এ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য না থাকা টোকিওতে উদ্বেগ বাড়িয়েছে।
টোকিওতে যুক্তরাষ্ট্রের দূত বলেছেন, ওয়াশিংটন টোকিওকে সমর্থন জানিয়েছে বেইজিংয়ের “চাপ প্রয়োগের” বিরুদ্ধে, কিন্তু শাসক দলের দুই শীর্ষ আইনপ্রণেতা রয়টার্সকে বলেছেন, তারা ট্রাম্পের কাছ থেকে আরও স্পষ্ট সমর্থন আশা করেছিলেন।
জাপানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সেনা উপস্থিতি রয়েছে, এর মধ্যে আছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং মেরিন কর্পসের অ্যাম্ফিবিয়াস ফোর্স, যা চীনের সামরিক সম্প্রসারণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
ওয়াশিংটন স্বাগত জানিয়েছে জাপানের সাম্প্রতিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকেও, যা বেইজিংকে নাখোশ করেছে।
এক আইনপ্রণেতা বলেন, “আমরা চাই ট্রাম্প নিজে কিছু বলুন।” তার মতে, নীরবতা চীনকে আরও চাপে রাখার ‘সবুজ সংকেত’ হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।
চীন কঠোর ভাষা ব্যবহার করছে:
চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির এক সম্পাদকীয়তে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘সাধারণ শত্রু’ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের দায়িত্ব হল যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা এবং ‘সামরিকতাবাদ পুনরুজ্জীবনের’ প্রচেষ্টা ঠেকানো।
চীনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, জাপান “সীমা অতিক্রম” করলে “কঠিন মূল্য” দিতে হবে, বিশেষ করে তাইওয়ানের কাছের ইয়োনাগুনি দ্বীপে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার ক্ষেত্রে।
তাকাাইচি ও ট্রাম্পের ফোনালাপ নিয়ে জানতে চাইলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের সরকারি সারাংশের উল্লেখ করে, যেখানে শুধু বলা হয়েছে উভয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
তারা ওয়াল স্ট্রিট জার্নালের আগের প্রতিবেদন, যেখানে বলা হয়েছিল ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীকে বেইজিংকে ‘উসকানি না দিতে’ বলেছেন, তা অস্বীকার করেছে।
পার্লামেন্টে তাকাইচির মন্তব্য পূর্বসূরিদের ‘কৌশলগত অস্পষ্টতা’ থেকে বড় বিচ্যুতি, কেননা তারা প্রকাশ্যে কখনও বলেননি কোন পরিস্থিতিকে জাপানের ওপর এমন হুমকি হিসেবে দেখা হবে যা সামরিক প্রতিক্রিয়ার ন্যায্যতা দিতে পারে।
তবে মন্তব্যটি এখন প্রকাশ্যে চলে আসায় তা প্রত্যাহার করা কঠিন, কর্মকর্তারা আগেই রয়টার্সকে বলেছেন। আর এতে এমন একটি সংকট তৈরি হয়েছে যা অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়াতে পারে এবং চীন-জাপান সম্পর্ক দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে।
