মেঘভাঙা বৃষ্টিতে হড়কা বান, জম্মু-কাশ্মীরে নিহত অন্তত ৩২
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের জম্মু ও কাশ্মীরের চাশোতি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর দেখা দেওয়া হড়কা বানে অন্তত ৩২ জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালের দিকে এ হড়কা বানের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
খবর পেয়েই একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। বন্যায় অনেক তীর্থযাত্রী আটকা পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। উদ্ধারকারীরা এরই মধ্যে অনেককে উদ্ধারও করেছেন।
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত ৯৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এই চাশোতি থেকেই শুরু হয় মচাইল মাতা যাত্রা। হিমালয়ের কোলে কিশতওয়ারের মাতা চন্ডীর মন্ডপে যেতে চাইলে চাশোতি পর্যন্তই সর্বশেষ মোটরগাড়িতে যাওয়া যায়।
“কিশতওয়ারের চাশোতি এলাকায় হড়কা বান আঘাত হেনেছে, এটিই মচাইল মাতা যাত্রার শুরুর স্থান। উদ্ধার অভিযান শুরু হয়েছে,” বলেছেন কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা।
হড়কা বানের পর বার্ষিক মচাইল যাত্রা স্থগিত করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফ তাদের উধমপুর ঘাঁটি থেকে ১৮০ জন উদ্ধারকর্মী অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ঘটনাস্থলে পাঠিয়েছে।
কেন্ত্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, স্থানীয় বিধায়ক ও জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা সুনীল কুমার শর্মার কাছ থেকে মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়ার পরপরই ডেপুটি কমিশনার পঙ্কজের সঙ্গে কথা হয়েছে তার।
“মেঘভাঙা বৃষ্টি এত বড় এলাকাজুড়ে হয়েছে যে হতাহতের পরিমাণ ব্যাপক হতে পারে। আমরা তাৎক্ষণিকভাবে জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, সবার মতো তারাও হতবিহ্বল হয়ে পড়েছে। তারা ঘটনাস্থলের দিতে যাচ্ছে। শিগগিরই আমরা আরও জানতে পারবো।
“সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। চিকিৎসা দরকার এমন ব্যক্তিদের হেলিকপ্টারে উদ্ধারেরও ব্যবস্থা করছে প্রশাসন,” বার্তা সংস্থা এএনআইকে বলেছেন মন্ত্রী জিতেন্দ্র সিং; তিনি জম্মু-কাশ্মীরের উধমপুর থেকেই নির্বাচিত এমপি।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর কার্যালয় জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উদ্ধার অভিযান জোরদারে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য দুর্যোগ মোকাবেলা সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা।
“চাশোতি কিশতওয়ারে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে তার জন্য প্রার্থনা করছি। বেসামরিক, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মকর্তাদেরকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি,” বলেছেন তিনি।
