রাশিয়ার সশস্ত্র বাহিনীর আকার বাড়ানোয় সম্মতি পুতিনের
ইউক্রেইনের যুদ্ধ সপ্তম মাসে গড়ালেও প্রথম কয়েক সপ্তাহ ছাড়া নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে আর কিছু জানায়নি মস্কো।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর আকার ১৯ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ ৪০ হাজার করার একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইনের যুদ্ধ সপ্তম মাসে গড়ালেও প্রথম কয়েক সপ্তাহ ছাড়া নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে আর কিছু জানায়নি মস্কো। তবে পশ্চিমা কর্মকর্তারা ও কিইভ সরকারের দাবি, যুদ্ধে রাশিয়ার বেশ কয়েক হাজার সেনা নিহত হয়েছে।
রাশিয়ার সরকারি আইন প্রণয়ন বিষয়ক পোর্টালে প্রকাশিত ডিক্রিটির তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে। এতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর যোদ্ধার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে শেষবার পুতিন ২০১৭ সালের নভেম্বরে রাশিয়ার সেনাবাহিনীর আকার নির্ধারণ করে দিয়েছিলেন। ওই সময় সশস্ত্র বাহিনীর যোদ্ধার সংখ্যা ১০ লাখ ১০ হাজার রাখা হয়েছিল এবং যোদ্ধা নয় এমন সদস্যসহ বাহিনীর মোট আকার ১৯ লাখ নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে মস্কো কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। প্রতিবেশী দেশটিকে ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নব্যনাৎসিমুক্ত’ করতে এ অভিযান চালানো হচ্ছে বলে রাশিয়ার দাবি।
যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর রাশিয়া জানিয়েছিল, ইউক্রেইনে তাদের ১৩৫১ জন সেনা নিহত হয়েছে। তবে এরপর থেকে এ বিষয়ে আর কিছু জানায়নি তারা।
পশ্চিমাদের হিসাব বলছে, সংখ্যাটি এর ১০ গুণ বেশি হতে পারে। আর ইউক্রেইনের দাবি, তারা এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার রুশ সেনাকে হত্যা অথবা আহত করেছে।
