ইউক্রেইনে এক মাসের আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাজ্য-ফ্রান্সের
প্রস্তাবিত এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। কেবল আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। কেবল আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ রাখার শর্তে এই যুদ্ধবিরতির প্রস্তাব করা হচ্ছে; স্থলযুদ্ধ এর আওতায় পড়বে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ও তার পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন।
গত শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর ইউক্রেইনের প্রতি পশ্চিমা সমর্থন আরও জোরদার করতে ইউরোপীয় কূটনৈতিক তৎপরতার মধ্যে এই প্রস্তাব এসেছে।।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোট সোমবার বলেছেন, “আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর এ ধরনের যুদ্ধবিরতি আমাদেরকে বুঝতে সহায়তা করবে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলে সেটি সত্যিই রক্ষা করেন কিনা। আর তখনই সত্যিকারের শান্তি আলোচনা শুরু হতে পারে।”
রোববার রাতে ফরাসি দৈনিক ‘লা ফিগারো’-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রস্তাব অনুযায়ী, ইউক্রেইনে ইউরোপীয় স্থল সেনা মোতায়েন হবে কেবল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে।
ইউক্রেইনে শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ডাকা ইউরোপীয় নেতাদের এক বৈঠকে যোগ দিতে মাক্রোঁ লন্ডন সফরে যাওয়ার সময় তার উদাধৃতি দিয়ে লা ফিগারো জানায়, “আগামী কয়েক সপ্তাহে ইউক্রেইনের মাটিতে কোনও ইউরোপীয় সেনা থাকবে না।
“প্রশ্ন হচ্ছে, এ সময়টিকে আমরা কীভাবে যুদ্ধবিরতির পথে নিয়ে যাব। আলোচনা করতেই কয়েক সপ্তাহ সময় চলে যাবে। তারপর একবার শান্তি চুক্তি সই হয়ে গেলেই সেনা মোতায়েনের বিষয়টি বিবেচিত হবে।”
ওদিকে আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামো কীভাবে পর্যবেক্ষণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ফরাসি প্রেসিডেন্ট।
ইউক্রেইনে পশ্চিমা সেনা মোতায়েনের ধারণা প্রত্যাখ্যান করা ক্রেমলিন সোমবার বলেছে, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ওভাল অফিসের বৈঠকে সংঘাত দেখিয়ে দিয়েছে যে, ইউক্রেইন যুদ্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছানো কতটা কঠিন হবে।
অন্যদিকে, মাক্রোঁর প্রস্তাবিত পরিকল্পনা সম্পর্কে জেলেনস্কি অবগত কিনা তা জানতে চাইলে তিনি লন্ডনে সাংবাদিকদের বলেন, “আমি সবকিছু সম্পর্কে অবগত।”
রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপনের জন্য একটি ইউক্রেইন শান্তি পরিকল্পনা প্রণয়নে রাজি হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
