ভানুয়াতু উপকূলে ফেরি ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৩০
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে দুর্ঘটনায় পড়া ‘এমভি মাতুই’ ফেরির নিখোঁজ যাত্রী ও ক্রুদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু উপকূলে একটি ফেরি ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী জোথাম নাপাতের কার্যালয় রোববার বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্স লিখেছে, অস্ট্রেলিয়ার উপকূল থেকে প্রায় ১৭৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটিতে দুর্ঘটনাগ্রস্ত ‘এমভি মাতুই’ ফেরির নিখোঁজ যাত্রী ও ক্রুদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেইসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিউজিল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম আরএনজেড জানায়, শুক্রবার অ্যাাম্বাই ও সান্তো দ্বীপের মধ্যবর্তী সামুদ্রিক এলাকায় বৈরী আবহাওয়ায় আন্তঃদ্বীপ ফেরিটি ডুবে যাওয়ার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়।
প্রধানমন্ত্রী নাপাতের কার্যালয় জানিয়েছে, “খোলা সাগরে অনুসন্ধান কিছুটা কমিয়ে আনা হচ্ছে এবং নজর দেওয়া হচ্ছে দক্ষিণপূর্ব উপকূল বরাবর, কারণ সমুদ্রের স্রোত বেঁচে যাওয়া যাত্রীদের ওই দিকে ভাসিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে।”
বিবৃতিতে বলা হয়, “ঝড়ো বাতাস ও সাগরের সতর্কবার্তা উপেক্ষা করা এবং অতিরিক্ত যাত্রী বহনের মতো চরম অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”
ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়ে নিখোঁজদের পরিবার ও নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ভানুয়াতু পার্লামেন্টে লুগানভিল এলাকার প্রতিনিধি মাতাই সেরেমিয়াহ জানান, ‘এমভি মাতুই’ ফেরির এক ক্রু সদস্য সাঁতরে তীরে উঠে বিপদসংকেত দেওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়।
আরএনজেড-এ সম্প্রচারিত বক্তব্যে সেরেমিয়াহ বলেন, “তিনি আমাদের এসে জানান যে জাহাজটি উল্টে গেছে, এরপরই আমরা সাগরে তল্লাশিতে নামি।”
ঘটনার বিষয়ে জানতে ভানুয়াতু পুলিশ, দেশটির মেরিটাইম সেফটি অথরিটি এবং ফেরি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘টুই শিপিং এজেন্সি’র সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
