জেপোরোজিয়া কেন্দ্র বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন: ইউক্রেইন
এই প্রথম ইউক্রেইনের জাতীয় গ্রিড থেকে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হল বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা এনারোঅ্যাটম।
রুশ বাহিনীর দখলে থাকা জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ দুইটি সক্রিয় চুল্লির সঙ্গে ইউক্রেইনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা।
বিবিসি জানায়, এই প্রথম ইউক্রেইনের জাতীয় গ্রিড থেকে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হল।
এটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। যেটির কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেইনের সেনাদের তুমুল লড়াই চলছে। যা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
জেপোরোজিয়ার কাছে গোলা হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে বিদুৎ কেন্দ্রটির দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কাছাকাছি একটি থার্মাল প্ল্যান্টের কাছে জ্বলা আগুন মাথার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগায় পাওয়ার ইউনিট দুটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয় বলে বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে ইউক্রেইনের পরমাণু সংস্থা এনারোঅ্যাটম। “আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (জেএনপিপি) ইতিহাসে এই প্রথম ইউক্রেইনের বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল,” বলে পোস্টে লিখেছে এনারোঅ্যাটম। রাশিয়ার গোলা বর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে রাশিয়া জেপোরোজিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে জুড়ে নেওয়ার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেইনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনারোঅ্যাটম।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে তেজষ্ক্রিয়তার মাত্রা এখনও স্বাভাবিক পর্যায়ে আছে। ইউক্রেইনের মোট বিদ্যুতের একপঞ্চমাংশের যোগান আসতো জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে। ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইউক্রেইনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গত মার্চ মাস থেকে রুশ বাহিনী ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির দখল নিয়ে আছে। কিন্তু ইউক্রেইনের কর্মীরাই সেটি পরিচালনা করে আসছেন। সম্প্রতি ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে, তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে জেপোরেজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার অনুমতি দেবে। সেটি না হওয়া পর্যন্ত সেখানে আসলে কী ঘটেছে বা ঘটছে তা অনুমান করা কঠিন।
