২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুক্তরাষ্ট্রকে সজোরে চপেটাঘাত করেছে: খামেনি

যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও সাফল্য অর্জন করতে পারেনি।  প্রিয় ইরান জয় লাভ করেছে- দেশবাসীকে দেওয়া বার্তায় বলেন  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরানকে ‘বিজয়ী’ ঘোষণা করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সামাজিকযোগাযোগ মাধ্যম এক্স ও টেলিগ্রামে পৃথক বার্তায় তিনি বলেন, “আমাদের প্রিয় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় লাভ করেছে।

“এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়েছে এবং আমেরিকার মুখে সজোরে চপেটাঘাত করেছে।”

খামেনির দাবি, “যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল—যদি তারা তা না করে, তাহলে ইহুদিবাদী শাসনের সম্পূর্ণ পতন হবে।”

টেলিগ্রামে দেওয়া বার্তায় খামেনি লেখেন, “তৃতীয় অভিনন্দন, এই অভিনন্দন ইরানি জাতির ঐক্যের জন্য। প্রায় ৯ কোটি মানুষের এই জাতি এক কণ্ঠে, কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “ইরানি জাতি তার ব্যতিক্রমী চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটি মাত্র কণ্ঠস্বর শোনা যাবে।”

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশের মানুষের উদ্দেশে প্রথম ভিডিও বার্তা দেওয়ার আগে খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথা বলেন।

 আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের সঙ্গেও ইরানের যুদ্ধে বিজয় দাবি করেছেন। বৃহস্পতিবার  এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “ইরানের আঘাতে ইহুদিবাদী শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সঙ্গে প্রায় চুরমার হয়ে  গেছে।”

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত দেশবাসীর উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় খামেনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় তেমন গুরুতর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন। যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবির সম্পূর্ণ বিপরীত।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ভিডিও বার্তায় খামেনি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আরও হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন, “হামলা হলে শত্রুপক্ষ এবং আগ্রসনকারীকেও এর জন্য চড়া মূল্য দিতে হবে।”