২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, নিহত ১

ইসরায়েল বুধবার দক্ষিণ লেবাননের চারটি গ্রামে হামলা চালায়। এর আগে আরেকটি গ্রামে হামলায় একজন নিহত হয়। মঙ্গলবারও একটি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল।

দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, নিহত ১
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামরার পর ধোঁয়ার কুন্ডলী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 12:48 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। ইসরায়েল বলছে, সীমান্তবর্তী এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর সামরিক পুনরুত্থানের চেষ্টা রুখতেই এ হামলা চালানো হচ্ছে।

ইসরায়েল অভিযোগ করেছে, গত বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই গোষ্ঠীটি আবার নতুন করে অস্ত্রসজ্জিত হওয়ার চেষ্টা করছে। 

ওদিকে, হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের সঙ্গে সীমান্ত অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের সুযোগ করে দিতে নিজেদের সামরিক উপস্থিতি শেষ করার শর্ত মেনে চলেছে।

বুধবার দক্ষিণ লেবাননের স্থানীয় বাসিন্দারা চারটি গ্রামে ইসরায়েলের হামলার সতর্কবার্তা পাওয়ার পর পালিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা পাওয়ার পর তারা সরে যান। 

যে গ্রামগুলোতে হামলা হয়েছে সেগুলো হল: দেইর কিফা, চেহুর, আইনাতা ও তাইর ফিলসে। হামলার পর আকাশে ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। ইসরায়েল বলছে এই গ্রামগুলোতে তারা হিজবুল্লার সামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে।

এর আগে সকালে আল-তিরি গ্রামে ইসরায়েলি হামলায় একজন নিহত হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর সদস্য, যিনি ওই এলাকায় গোষ্ঠীটির সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন।

শরণার্থী শিবিরে হামলা:

গত বছর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল মঙ্গলবার লেবাননে অন্যতম প্রাণঘাতী হামলা চালিয়েছে। হামলায় দক্ষিণ সিদনের কাছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ১৩ জন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

ওই শিবির থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাস যোদ্ধারা হামলা পরিচালনা করত বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। তবে হামাস এ অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। গোষ্ঠীটির ভাষ্য, শরণার্থী শিবিরে কোনও সামরিক স্থাপনা নেই।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এক কর্মকর্তা বলেছেন, নিহতদের কেউই তাদের দলের সদস্য নন।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লিটানি নদীর দক্ষিণাঞ্চল (ইসরায়েল সীমান্তের নিকটতম এলাকা) থেকে শুরু করে সব অননুমোদিত অস্ত্র বাজেয়াপ্ত করার শর্ত রয়েছে লেবাননের সশস্ত্র বাহিনীর।

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলছেন, এই চুক্তি পুরো লেবানন নয়, শুধু লিটানির দক্ষিণ অংশে প্রযোজ্য। অন্যদিকে, লেবাননের অভিযোগ, ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের কিছু অবস্থান দখলে রেখেছে, যা যুদ্ধবিরতি চুক্তির শর্তের লঙ্ঘন।