২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট, ‘নাক চেপে’ আছে প্যারিস

পরিচ্ছন্নতা কর্মীদের অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ করার প্রস্তাব করেছে ফ্রান্সের সরকার, এর প্রতিবাদেই কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন শ্রমিকরা।

পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট, ‘নাক চেপে’ আছে প্যারিস

ফ্রান্সে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘটের কারণে সড়কের পাশেই পড়ে আছে ময়লা-আবর্জনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2023, 02:34 PM

Updated : 15 Mar 2023, 02:35 PM

বর্জ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের পেনশন বা অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে এক সপ্তাহ ধরে ধর্মঘট চলছে ফ্রান্সে; ফলে ডাস্টবিনগুলোতে ময়লা-আর্বজনা উপচে পড়ার পাশাপাশি প্যারিসের রাস্তায় স্তূপ হয়ে আছে হাজার হাজার টন বর্জ্য।

“বড্ড নোংরা; তেলাপোকা আর ইঁদুর চলে আসছে”, ফরাসি রেডিওতে অভিযোগ করেন এক নারী।

সম্প্রতি পরিচ্ছন্নতা কর্মীদের পেনশনের বয়স সীমা ৬২ থেকে ৬৪ করার প্রস্তাব করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। এর প্রতিবাদেই কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন শ্রমিকরা।

বিবিসি জানিয়েছে, ধর্মঘটে প্যারিসের পাশিাপাশি নোথ, হেন, ও লু হ্যাভা শহরেও ময়লার স্তূপ জমে একই অবস্থা তৈরি হয়েছে।

Image

ছবি: রয়টার্স

প্যারিস কর্তৃপক্ষ বলছে, ধর্মঘটে শহরের অর্ধেক ডিস্ট্রিক্ট আক্রান্ত, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করেন কাউন্সিলের পরিচ্ছন্নতা কর্মীরা। তিনটি বর্জ্য শোধনাগার অবরুদ্ধ, চতুর্থ আরেকটি আংশিক বন্ধ। ৫ হাজার ৬০০ টন বর্জ্য এখনও সংগ্রহ করা হয়নি।

ইউরোপিয়ান রেডিওর একজন উপস্থাপক রসিকতা করে এই পরিস্থিতিকে প্যারিসের ৬ মিলিয়ন ইঁদুরের জন্য বুফে হিসেবে বর্ণনা করেছেন, যাদের সংখ্যা শহরের জনসংখ্যার দ্বিগুণ।

প্যারিস কাউন্সিল বলছে, বেসরকারি কোম্পানির আওতায় ১০টি ডিস্ট্রিক্টে কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে, পরিচ্ছন্নতা কর্মীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Image

ছবি: রয়টার্স

সোমবার রাতে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে দেখা যায়, শহরের অন্যতম বড় ষষ্ঠ ডিস্ট্রিক্টে বর্জ্য সংগ্রহ করছিল একটি বেসরকারি কোম্পানির কর্মীরা, যদিও সেখানে কাউন্সিলের কর্মীরা সাধারণত এই কাজ করে থাকেন। শহরের পশ্চিম প্রান্তের আরও দুই ডিস্ট্রিক্টে বেসকারি প্রতিষ্ঠানের কর্মীরা বর্জ্য সংগ্রহ করছিলেন।

শীর্ষস্থানীয় কাউন্সিল কর্মকর্তা ইমানুয়েল গেগুয়া বলেন, পরিস্থিতি ছিল জটিল, তবে জননিরাপত্তার জন্য কর্তৃপক্ষ কাজ করছে। বাজার ও রাস্তায় পড়ে থাকা ময়লার ব্যাগ পরিষ্কার এবং পথচারীদের নিরাপত্তার ওপর জোর দিচ্ছে।

বিশেষজ্ঞ হোমা ল্যাসআ ফরাসি পত্রিকা লু পারিজ্যঁকে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের এই ধর্মঘট ইঁদুরের আচরণে পরিবর্তন আনছে। সেগুলো ডাস্টবিনে ঘুরে বেড়াবে, আরও ইঁদুরের জন্ম দেবে এবং মলমূত্র ত্যাগ করবে। ময়লা সংগ্রহকারী ও আমাদের জন্য একটি উদ্বেগজনক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।

বিবিসি জানিয়েছে, এক সপ্তাহ ধরে চলা এই ধর্মঘট অব্যাহত থাকবে কিনা সে ব্যাপারে ‍বুধবার বৈঠকে সিদ্ধান্ত নেবেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্যারিসে এসব কর্মীরা জটিল কাজের পরিস্থিতিতে এখন ৫৭ বছর বয়সে অবসরে যেতে পারেন, তবে নতুন সংস্কারের ফলে তাদের আরও দুই বছর বা তার বেশি সময় কাজ করতে হতে পারে।

Image

ছবি: রয়টার্স

প্যারিসের স্যোশালিস্ট মেয়রের বিরোধীরা ধর্মঘটকে কেবল বিদ্যমান সঙ্কটে আরকেটি মাত্রা হিসেবে দেখছেন। ডানপন্থি রিপাবলিকান হাশিদা দাতির অভিযোগ, মেয়র অ্যানি ইদালগো পরিচ্ছন্নতা কাজের বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্যারিসবাসী স্পষ্টত প্যারিসকে আরও নোংরা থেকে আরও নোংরা হয়ে উঠতে দেখছে।

সরকারের অজনপ্রিয় এই সংস্কার পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্সের বিভিন্ন ইউনিয়ন, যা নিয়ে পার্লামেন্টেও আলোচনা চলছে।

ফ্রান্সের শোধনাগারের বেশকিছু অপারেটর মঙ্গলবার টানা সপ্তম দিনের মত ধর্মঘটে ছিল, তবে পেট্রোল স্টেশনগুলো বন্ধ ছিল স্বল্প পরিসরে।

সরকারের অবসর বয়স বাড়ানোর প্রস্তাব শনিবার উচ্চকক্ষ সিনেটের সমর্থন পেয়েছে। এখন বিলে কী থাকবে- সেই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি বুধবার পার্লামেন্টের উভয়কক্ষের এমপিদের একটি যৌথ কমিটিতে যাবে। এরপর বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলি ও সেনেটে চূড়ান্ত ভোট হতে পারে।

Image

ছবি: রয়টার্স

তবে নিম্নকক্ষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি কোনোভাবেই পাস হওয়ার অনুকূল অবস্থানে নেই। এই প্রস্তাব পাসের জন্য সরকারের প্রয়োজন ২৮৭ ভোট। যদি তারা নিজেদের ২৫০ জন এমপির সমর্থনও পায়, তারপরও অন্যান্য দল থেকে ৩৭ জন এমপির সমর্থন লাগবে।

অতিরিক্ত ভোটের বেশিরভাগ হতে পারে রিপাবলিকান দল থেকে। তবে এই সিদ্ধান্ত পাসে সরকার ভোটের বাইরে জোরপূর্বক উপায়ে যেতে চায় না, আর সেটি হলে সংবিধানের ৪৯:৩ অনুচ্ছেদ লঙ্ঘন হতে পারে।