গ্যাসকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ফ্রান্স
রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম একটি প্রধান ফরাসি জ্বালানি কোম্পানিতে সরবরাহ আরও কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এ অভিযোগ করল।
রাশিয়ার বিরুদ্ধে গ্যাস সরবরাহকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন ফ্রান্সের জ্বালানিমন্ত্রী।
রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম একটি প্রধান ফরাসি জ্বালানি কোম্পানিতে সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় এবং জার্মানিতে গ্য্যাস সরবরাহের মূল পাইপলাইন এ সপ্তাহে তিনদিন বন্ধ রাখবে বলায় ফ্রান্স এই অভিযোগ করল।
ফ্রান্সের জ্বালানিমন্ত্রী বলেন, “রাশিয়া খুব স্পষ্টভাবেই গ্যাসকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধের মতো সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।”
ফরাসি জ্বালানি কোম্পানি ‘এনজি’ জানিয়েছে, চুক্তি সংক্রান্ত বিরোধের কারণে মঙ্গলবার থেকেই তারা রাশিয়ার কাছ থেকে কম গ্যাস পাবে। এই বিরোধের কারণ কী সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি কোম্পানিটি।
ফরাসি জ্বালানি কোম্পানি এঞ্জিতে রাশিয়ার গ্যাস সরবরাহ কমতে কমতে মাসে মাত্র ১ দশমিক ৫ টেরাওয়াটে এসে ঠেকেছে, ২০২১ সালে যা ছিল ১২১ টেরাওয়াট। গ্যাস সরবরাহ এতটা কমে যাওয়ার প্রেক্ষিতেই মঙ্গলবার ফ্রান্স ইন্টার রেডিওতে দেশটির জ্বালানিমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন।
ফ্রান্স অবশ্য জার্মানির মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার গ্যাসের ওপর কম নির্ভরশীল। তারপরও রাশিয়ার গ্যাস সরবরাহ কমার মুখে দেশটি অন্য সরবরাহকারীদের কাছ থেকে আমদানি বাড়িয়ে বিকল্প পথ খুঁজতে শুরু করেছে।
মেরামতি কাজের জন্য ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়ার গ্যাজপ্রম।
তবে পশ্চিমা দেশগুলো বলছে, পাইপলাইন মেরামত নয়, রাশিয়া জ্বালানি সংকট নিয়ে খেলছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেইনে আগ্রাসনের বিরুদ্ধে তাদের বিরোধী অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য রাশিয়া ইচ্ছা করেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার এই কৌশলকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
