উত্তর লেবানন ও গাজায় ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত
বৈরুতের উত্তরে ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ অন্তত ২৩ জন নিহত এবং গাজায় জাবালিয়ায় ১৩ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।
লেবাননের উত্তরাঞ্চল এবং গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মী ও কর্মকর্তারা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী বৈরুতের উত্তরে আলমাত এলাকায় ইসরায়েলের হামলায় ৭ শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে।
আর ফিলিস্তিনের উত্তর গাজায় জাবালিয়ার একটি বাড়িতে ইসরায়েলের হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এবং গাজার হামাস-পরিচালিত নগরিক প্রতিরক্ষা সংস্থা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। তারা কেবল গাজার জাবালিয়ায় একটি স্থানে হামলা চালানোর কথা জানিয়ে বলেছে, সেখানে সন্ত্রাসীরা তৎপর। হামলার সময় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা কম রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আলমাতে হামলার পর উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসাবশেষ খুঁড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল হামলা জোর দার করেছে। তাদের হামলার মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীটির লড়াইয়ের সমক্ষমতা দুর্বল করে দেওয়া।
তবে সম্প্রতি কয়েক সপ্তাহে লেবানন জুড়ে বিভিন্ন শহর-নগর লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্য একটি হামলার ঘটনায় লেবাননের দক্ষিণে স্বাস্থ্য দপ্তরের একটি ভবনে ইসরায়েলের হামলায় তিন চিকিৎসাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, হিজবুল্লাহ ৭০ টি প্রজেক্টাইল ছোড়ার পর তারা শনিবার গোষ্ঠীটির ছোড়া বেশ কিছু রকেটও ঠেকিয়েছে।
লেবানন কর্তৃপক্ষের হিসাবমতে, ৭ সপ্তাহ আগে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩,০০২ জন নিহত হয়েছে এবং বাস্ত্যুচুত হয়েছে ১২ লাখ মানুষ।
ওদিকে, গাজায় ত্রাণ সংস্থাগুলো বলেছে, উত্তর গাজার জাবালিয়া ও অন্যান্য অংশ অক্টোবরের শুরু থেকে অবরুদ্ধ হয়ে আছে। যখন ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু করেছিল।
সূত্র: বিবিসি
