১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের নতুন নেতার আহত হওয়ার খবর, প্রেসিডেন্টের ছেলে বললেন ‘নিরাপদে আছেন’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মুজতাবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা’ হিসেবে বর্ণনা করলেও তার আঘাতের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 04:37 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও তিনি ‘নিরাপদে আছেন’ বলে দেশটির প্রেসিডেন্টের ছেলের ভাষ্য। 

ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান বুধবার তার টেলিগ্রাম চ্যানেলে এ কথা বলেছেন।

ইউসেফ পেজেশকিয়ান লিখেছেন, “আমি শুনেছিলাম যে জনাব মুজতাবা খামেনি আহত হয়েছেন। কয়েকজন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন, আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদে আছেন, ভালো আছেন।”

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মুজতাবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা’ হিসেবে বর্ণনা করলেও তার আঘাতের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও উত্তরসূরি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, যা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের সূচনা ঘটায়।

৫৬ বছর বয়সী মুজতাবা খামেনি বরাবরই চুপচাপ স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত; তিনি খুব কমই প্রকাশ্যে এসেছেন বা সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। 

রোববার তাকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি।

তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বুধবারের এক প্রতিবেদনে লিখেছে, যুদ্ধ শুরুর দিনই আহত হন মুজতাবা খামেনি। পায়ে আঘাতসহ কিছু চোট পেয়েছেন তিনি। 

“তবে তিনি সচেতন অবস্থায় আছেন। অত্যন্ত নিরাপদ একটি স্থানে তিনি আশ্রয়ে রয়েছেন, সেখানে যোগাযোগের সুযোগ সীমিত।”

পুরনো খবর-এখনও দেখা নেই মুজতাবারইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে জল্পনা