যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী এসব হামলায় আরও অন্তত ৭৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলি বাহিনীর পরপর তিনটি হামলায় ফিলিস্তিনি ছিটমহলটিতে অন্তত ২৮ নিহত হয়েছেন।
আল জাজিরা লিখেছে, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম বড় লঙ্ঘনের ঘটনা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী বুধবারের এসব হামলায় আরও অন্তত ৭৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকাসহ তিনটি সুনির্দিষ্ট এলাকায় হামলা চালিয়েছে।
অন্য দুটি এলাকা হল গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এবং জাইতুন। শুজাইয়াতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়ে আছে, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে জাইতুনের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন যাদের মধ্যে একটি পুরো পরিবার রয়েছে।
ওই ভবনে এক পরিবারের ‘মা, বাবা ও তাদের তিন সন্তান’ নিহত হয়েছেন বলে আল জাজিরার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানিয়েছেন।
এই সাংবাদিক আরও জানান, ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ায় গাজা ভূখণ্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েলি বোমা হামলা থামেনি। চলমান সহিংসতায় ফিলিস্তিনিরা এখনও নিহত হচ্ছেন যেন ‘যুদ্ধ এখনও চলছে’।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর প্রতিক্রিয়ায় তারা বুধবার গাজাজুড়ে ‘হামাসের লক্ষ্যস্থলগুলোতে’ আঘাত হেনেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, “ইসরায়েল রাষ্ট্রের প্রতি যে কোনো হুমকি নির্মূল করতে ইসরায়েলি বাহিনী শক্তি প্রয়োগ করা চালিয়ে যাবে।”
ইসরায়েলি বাহিনীকে ‘লক্ষ্য করে গুলি চালানো হয়েছে’, এই অভিযোগ প্রত্যাখ্যান করে হামাস বলেছে, “তাদের অপরাধ ও লঙ্ঘনের বৈধতা দিতে চালানো দুর্বল প্রচেষ্টা এটি।”
